শেষ ম্যাচে সবেধন নীলমণি এক জয়
স্বস্তি তো অবশ্যই নয়। সাত ম্যাচ হারার পর একটি জয় ঠিক ‘সান্ত্বনা’ও হতে পারে না। সফরের এর আগে সময়টা এমনই বাজে কেটেছে যে শেষ ম্যাচের জয়টার পাশে কোনো বিশেষণ বসানো যাচ্ছে না। স্রেফ বলা যায়, ইংল্যান্ড সফর থেকে একটি জয় নিয়ে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল। আজ সকাল ১০টার দিকে দেশে পা রাখার কথা জহুরুলদের। কাউন্টির দ্বিতীয়-তৃতীয় সারির দলের কাছে উড়ে যাওয়ার পর ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি জয়কেও অবশ্য ‘প্রাপ্তি’ মানতে পারেন অনেকে। তবে এতে ফুটে ওঠে ইংল্যান্ডে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স-দৈন্যও। পরশুর জয়টিকে অবশ্য দারুণই বলতে হবে। লায়ন্সের বিপক্ষে প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সকে মাথায় রাখলে বলতে হবে অভাবনীয় জয়। আগের দুই ম্যাচে যে রান তাড়ায় ‘তাড়া’ ব্যাপারটিই ছিল না! প্রতিপক্ষের বড় স্কোরের পরই যেন হার স্বীকার করে নিয়েছিল ‘এ’ দল। পরশু টন্টনে অবশ্য আগের দুই ম্যাচের মতো সাড়ে তিন শ ছাড়ানো লক্ষ্য ছিল না, কিন্তু ৩১৯ রানের লক্ষ্যটাও তো কম নয়! নাঈম ইসলামের অসাধারণ এক ইনিংসে এসেছে এই জয়। আন্তর্জাতিক অভিজ্ঞতায় ঋদ্ধ একটি দলের থেকে যে ধরনের পেশাদারি রান তাড়া আশা করা যায়, পরশু সেটিই করে দেখিয়েছে ‘এ’ দল।৬৫ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন নাঈম ও রকিবুল (১০৭ বলে ৭২)। তবে ম্যাচের গতি বদলে দিয়েছে পঞ্চম উইকেটে শামসুর রহমানের (২০ বলে ৩৬) নাঈমের জুটি। ৮৬ বলে যখন প্রয়োজন ১৪৬, এই জুটিতে ৪০ বলে আসে ৭৬ রান। ৫৯ বলে ফিফটি ছোঁয়া নাঈম পরের ফিফটি ছুঁয়েছেন মাত্র ২৮ বলে! বেন স্টোকসের এক ওভারে মেরেছেন চারটি চার, পরে স্টোকসকে টানা দুটি চার-ছয়ে ছুঁয়েছেন সেঞ্চুরি। টাইমল মিলসের বলে ফরহাদ রেজার ছক্কায় ম্যাচ শেষ এক ওভার আগেই। ১০০ বলে অপরাজিত ১২১ লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নাঈমের সর্বোচ্চ ইনিংস। নাঈমের আগে ট্রেন্ট ব্রিজে নটিংহামশায়ারের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন জিয়াউর রহমান। ১৪০ রানে ৫ উইকেট পড়ার পর করেছিলেন ৬৯ বলে অপরাজিত ১০৪। পরের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে ১২২ বলে ১১০ করেছিলেন এনামুল হক। ব্যক্তিগত পারফরম্যান্সে প্রাপ্তি বলতে এই। দুবারের বেশি পঞ্চাশ ছাড়াতে পারেননি কেউ। বোলিংয়ে নেই কোনো ৪ বা ৫ উইকেট। জাতীয় দলে এখনো জায়গা পাকা করতে না পারা, দল থেকে ছিটকে পড়া বা দলে ডাকপ্রত্যাশীদের জন্য এই সফর ছিল নজর কাড়ার বড় একটা সুযোগ। কিন্তু আদতে যা হয়েছে, সেটা কদিন আগেই প্রধান নির্বাচক আকরাম খান বলে দিয়েছেন, ‘সবাই দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছে।’ইংল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’সেরা ৫ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০নাঈম ইসলাম ৭ ২৯৪ ১২১* ৫৮.৮০ ১/১এনামুল হক ৭ ২১৩ ১১০ ৩০.৪২ ১/১মমিনুল হক ৭ ১৯৭ ৬৪ ২৮.১৪ ০/১শামসুর রহমান ৭ ১৯৪ ৫২ ২৭.৭১ ০/২জিয়াউর রহমান ৪ ১২৫ ১০৪* ৪১.৬৬ ১/০বোলার ম্যাচ উইকেট সেরা গড় রান/ওভারআল আমিন ৬ ৮ ৩/৭০ ৩৮.৩৭ ৫.৯৬রবিউল ইসলাম ৭ ৭ ২/৩৫ ৪৯.৮৫ ৫.৮৯ইলিয়াস সানি ৭ ৭ ৩/২৫ ৫৩.১৪ ৫.৪৭ফরহাদ রেজা ৪ ৫ ২/৫২ ৪০.৬০ ৫.৬৯সোহাগ গাজী ৭ ৫ ২/৩১ ৭০.০০ ৫.৫৫