শেষ ম্যাচে সান্ত্বনার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা খামোখাই রাশিয়া-ইউক্রেন দৌড়াদৌড়ি করেন। চিয়ারলিডার নিলে আগামীবার বরং জিম্বাবুয়েতে চলে আসুন। এই দেশে সবাই-ই চিয়ারলিডার।

টি-টোয়েন্টির সৌজন্যে নাচ-গানও এখন ক্রিকেটের অংশ। লাউড স্পিকারে চিৎকার করা গান বাজবে, সঙ্গে চিয়ারলিডারদের নৃত্য—এই না হলে কিসের টি-টোয়েন্টি! এদিক দিয়ে জিম্বাবুয়ের ক্রিকেট প্রকৃতিগতভাবেই বেশ সমৃদ্ধ। শরীর দোলানো আঁকাবাঁকা নাচ এ দেশের তরুণেরা রাস্তায় হাঁটতে হাঁটতেই নাচে। হারারের ক্রেতাশূন্য দোকানে কানে হেডফোন লাগিয়ে একা একা নাচতে থাকে সেলসম্যান। চলন্ত কুম্বিতে উঠতে মধ্যবয়স্ক লোকের দৌড়ানোর মধ্যেও খুঁজে পেতে পারেন নাচের মুদ্রা। টি-টোয়েন্টি ম্যাচের ডিজেরা এখানে তাই শুধু মিউজিক সিস্টেম নিয়েই চলে আসতে পারেন। চিয়ারগার্ল-চিয়ারবয় জুটে যায় স্বতঃস্ফূর্ত দর্শকদের ভেতর থেকেই।

জিম্বাবুইয়ানদের এই নাচানাচি কাল কয়েক গুণ বাড়িয়ে দিল বাংলাদেশ দল। মনের আনন্দে নাচা মানুষগুলোর জন্য টি-টোয়েন্টি সিরিজ এমনিতেই ঈদের আনন্দ নিয়ে এসেছে, তার ওপর চরম উত্তেজনার প্রথম টি-টোয়েন্টিতে ও রকম একটা জয়! স্টেডিয়ামের গেটের সামনে দর্শকদের লম্বা লাইন তাতে সার্থক। সার্থক ৯ হাজার দর্শক ধারণক্ষমতার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠের পরিপূর্ণ গ্যালারিও। বাংলাদেশের জন্য থেকেছে কেবলই শোকগাথা।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কাল আর কোনো খেলোয়াড় নন, এলেন কোচ শেন জার্গেনসেন। পরাজয়ের কী ব্যাখ্যা দেবেন, সেটা অনুমেয়ই ছিল। আরেকটু বেশি রান করা উচিত ছিল, মাঝে দ্রুত কয়েকটা উইকেট পড়ে গেছে—এই তো। জার্গেনসেন এই জিনিসগুলোই আরেকটু গুছিয়ে বললেন, ‘আমরা যে অবস্থায় ছিলাম, আমাদের ম্যাচটা জেতাই উচিত ছিল। আমাদের বিশ্বাস ছিল, এই উইকেটে ১৬০-১৭০ রান টার্গেট থাকলেও জেতা সম্ভব। কিন্তু ব্যাটসম্যানরা উইকেটে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। মাঝে ২ ওভারের ব্যবধানে কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়ে যাই।’ তবে যত যা-ই হোক, কোচদের হতাশ হতে নেই। জার্গেনসেনও আশায় আছেন আজকের দিনটা অন্তত তাদের হবে, ‘টি-টোয়েন্টি ক্রিকেট আসলে এ রকমই। যেকোনো দিন যেকোনো কিছু হতে পারে।’ এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় একই কথা বলেছেন অধিনায়ক মুশফিকুরও, ‘এক ওভারে দুজন ব্যাটসম্যান হারিয়েছি, এরপর দুটি রানআউট হলো। ১৬৮ রান অতিক্রমযোগ্য, তবে উচিত ছিল তাদের ১৬০ রানে আটকে রাখা।’

কালকের দিনটা জিম্বাবুয়ের হয়ে যাওয়ায় বড় অবদান ম্যান অব দ্য ম্যাচ হ্যামিল্টন মাসাকাদজার। তবে সংবাদ সম্মেলনে এসে তিনিও যেন আকারে-ইঙ্গিতে বোঝাতে চাইলেন, জিম্বাবুয়ের জয়ে তার ফিফটির চেয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের তাড়াহুড়ার কৃতিত্বই বেশি। ‘তাদের সেট দুজন ব্যাটসম্যান (সাকিব-শামসুর) এক ওভারে পর পর আউট হয়ে গেছে। আমার মনে হয় ওটাই টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের’—বলেছেন মাসাদাকজা। সঙ্গে দিনভর নেচে-গেয়ে যাওয়া দর্শকদের সমর্থন তো ছিলই। জিম্বাবুয়েতে বাংলাদেশের ‘হোম গ্রাউন্ড’ কুইন্স স্পোর্টস ক্লাব এবার ওয়ানডে সিরিজেই পিঠ দেখিয়ে দিয়েছে। টি-টোয়েন্টিতে অধিকারটা যেন ছুটে গেল আরও।