শেষ ম্যাচে ‘এ’ দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ইংল্যান্ড লায়ন্স ফিরে যাচ্ছে তিক্ত স্বাদ নিয়েই। ওয়ানডে সিরিজ ৩-২-এ হারার পর অতিথি দলটি জিততে পারল না দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। পরশু প্রথম ম্যাচটি জিতলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বাংলাদেশ ‘এ’ দলের কাছে তাদের ১১ রানের হার ড্র করে দিয়েছে সিরিজ।ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে কাল শেষ হওয়া সিরিজটাকে বলতে পারেন ইমরুল কায়েসের নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ। প্রিমিয়ার লিগ থেকেই ফর্মে থাকলেও আসল আলোটা তিনি ছড়িয়েছেন এই সিরিজেই। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিফটি, চতুর্থ ম্যাচে অপরাজিত ১১০ রান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ২৩ রানের ইনিংসেও ছিল আত্মবিশ্বাসের ঝলক, কাল দ্বিতীয় ম্যাচে ফিফটি করে হয়ে গেলেন ম্যান অব দ্য ম্যাচই!৪৭ বলে ৬২ রানের ইনিংসে চার বাউন্ডারির সঙ্গে তিন ছক্কা। ইনিংসের ১২তম ওভারে লেগ স্পিনার স্কট বর্থউইককে পর পর দুই বলে মিড উইকেট আর স্কয়ার লেগ দিয়ে দুই ছক্কা, পরের বলে চার। ইমরুল অন্য ছক্কাটি মেরেছেন জ্যাক ব্রুকসের করা ১৪তম ওভারে এবং সেটাও মিড উইকেট দিয়ে। ওপেনিংয়ে নেমে ১৭তম ওভারের প্রথম বলে রানআউট হওয়ার আগে নাজিমউদ্দিন, জহুরুল, শুভাগত ও অলকের সঙ্গে জুটিগুলোতে মেরুদণ্ড ছিলেন ইমরুলই। তবে জহুরুলের ২০ বলে ২৭, অলকের ২০ বলে ২৩ ও সাব্বিরের ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস তিনটিও দলের ইনিংসটা ইংল্যান্ড লায়ন্সের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে ভালো ভূমিকা রেখেছে।ইনিংসের প্রথম বলেই ওপেনার জেসন রয়কে বোল্ড করে দিয়ে ইংল্যান্ড লায়ন্সের ওপর চাপটা ধরে রাখেন ‘এ’ দলের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। তবে ১৪ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে টমাস মেনার্ড (৬৮) ও অধিনায়ক জেমস টেলরের (৪৩) ৮৭ রানের জুটি একটা পর্যায়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের জন্য।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৬৬/৬ (ইমরুল ৬২, নাজিমউদ্দিন ১২, জহুরুল ২৭, শুভাগত ৬, অলক ২৩, মিঠুন ১, সাব্বির ২৪*, সোহরাওয়ার্দী ১*; বাক ৩/২২)। ইংল্যান্ড লায়ন্স: ২০ ওভারে ১৫৫/৭ (মেনার্ড ৬৮, টেলর ৪৩; মোশাররফ ২/২২, সোহরাওয়ার্দী ১/২৯, আলাউদ্দিন বাবু ২/৩৯, মুক্তার ০/২৫, সাব্বির ০/২৯, শুভাগত ১/১০)। ফল: বাংলাদেশ ‘এ’ ১১ রানে জয়ী, সিরিজ ড্র ১-১ এ। ম্যান অব দ্য ম্যাচ: ইমরুল কায়েস।