ঠিক যেন পাকিস্তান সিরিজের পুনরাবৃত্তি। প্রথম তিন ম্যাচেই হেরে সিরিজ খোয়ানোর পর ঘুরে দাঁড়িয়ে দাপটের সঙ্গে পরের দুই ম্যাচেই জয়। চতুর্থ ওয়ানডের পর পরশু সিরিজের শেষ ম্যাচেও জিতল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ২৫১ রানের চ্যালেঞ্জ স্বাগতিক দল পেরিয়ে গেছে ৮ বল আর ৭ উইকেট হাতে রেখে। ফলে সিরিজ হারলেও স্কোর লাইনটা থাকল ভদ্রস্থ, ৩-২।ক্যারিয়ারের শুরু থেকেই ‘ব্রায়ান লারার ক্লোন’ তকমা পেয়ে যাওয়া ড্যারেন ব্রাভো মাঝে নিজেকে যেন গুলিয়ে ফেলেছিলেন। অবশেষে পরশু আবার নিজের জাতটা চেনালেন। তাঁর এবং অভিজ্ঞ রামনরেশ সারওয়ানের দুটি হাফ সেঞ্চুরিই ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দিয়েছে গন্তব্যে।জ্যামাইকার স্যাবাইনা পার্কের বাউন্সি পিচে ২৫২ রানের লক্ষ্যটা কঠিনই ছিল। ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ছিল খুবই ধীরগতির। ১৬ ওভার শেষে রান ২ উইকেটে ৫৩। এরপরই ব্রাভো-সারওয়ানের ১০৩ রানের জুটি। ৭৫ রান করে সারওয়ানের আহত হয়ে মাঠ ছাড়া এবং ক্যারিয়ার-সেরা ৮৬ রান করে ব্রাভো আউটের পর ম্যাচটা আবার জমে ওঠে। কিন্তু কাইরন পোলার্ডের একটু ‘দানবীয় রূপ’ ভারতের জয়ের আশা ভেস্তে দেয়। ১ ছক্কা ৩ চারে ১৩ বলে অপরাজিত ২৪ রান করেন পোলার্ড। ২৫ বলে মারলন স্যামুয়েলস অপরাজিত থাকেন ২৮ রান করে। ম্যাচের শেষ ১০.৪ ওভারে ৯৬ রান দিয়েছেন ভারতীয় বোলাররা।অমিত মিশ্রকে পরপর দুটি ছক্কা মেরে ঝড়টা শুরু করেন ব্রাভোই। শেষ পর্যন্ত অবশ্য ব্রাভোকে আউট করে প্রতিশোধ নিয়েছেন ভারতের সফল বোলার মিশ্র। ব্রাভোর ইনিংসটাই গড়ে দিয়েছে পার্থক্য। যদিও ম্যাচসেরা আন্দ্রে রাসেল। ৪৩ ওভারে ২২৫ রান তোলার পরও যে ভারত ২৫১ রানে আটকে ছিল তার পেছনে বড় ভূমিকা এই রাসেলের। ৮.৩ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন তিনি। বিরাট কোহলির ৯৪ আর রোহিত শর্মার ৫৭ রানের ইনিংস ভারতকে দেয় বড় সংগ্রহের ভিত। কিন্তু রাসেল ও পোলার্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ৪৭.৩ ওভারেই অলআউট। বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ৭ উইকেটে ৭০ বলে তোলে ৬২ রান! ৬৮*, ৭*, ৮৬*, ৩৯ ও ৫৭—সিরিজ-সেরা রোহিত শর্মা।ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের। ভারত অধিনায়ক সুরেশ রায়নাও পিঠ চাপড়ে দিয়েছেন প্রতিপক্ষের। ভারতের কোচ ডানকান ফ্লেচারের কণ্ঠে ঝরেছে অধিনায়ক রায়নার প্রশংসা।হোক ভারতের দ্বিতীয় সারির দল, তবুও টেস্ট সিরিজের আগে এই জয়ে ক্যারিবীয়দের আত্মবিশ্বাস বেড়ে গেল অবশ্যই। ২০ তারিখ থেকে একই মাঠে শুরু হচ্ছে তিন টেস্ট সিরিজের প্রথমটি। ওয়েবসাইট।