শেষ ম্যাচেও জয় শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঙ্কানদের এই উচ্ছ্বাস থেকেছে ম্যাচের শেষ পর্যন্ত ছবি: রয়টার্স
লঙ্কানদের এই উচ্ছ্বাস থেকেছে ম্যাচের শেষ পর্যন্ত ছবি: রয়টার্স

সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচেও জয়টা হাতছাড়া হলো না শ্রীলঙ্কার। কলম্বোয় আজ দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানে হারিয়েছে স্বাগতিকেরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতল ৪-১-এ।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩০৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে লঙ্কান বোলারদের তোপে পড়ে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বড় সংগ্রহের কারিগর ছিলেন তিলকরত্নে দিলশান। তবে উদ্বোধনী এই ব্যাটসম্যান ফেরেন ১ রানের ‘আক্ষেপ’ নিয়ে। দিলশানের ১১০ বলে ৯৯ রানের ইনিংসে ছিল ১৩টি চারের মার। লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারাও কম যাননি। ছয়টি চার আর এক ছক্কায় ৯৩ বলে ৬৮ রান করেন থিরিমান্নে। ব্যাটে ঝড় তোলে ৪৫ বলে ৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন সাঙ্গাকারা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি চার দিয়ে। সাঙ্গাকারার সঙ্গে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সংগ্রহ ২৩ রান। শ্রীলঙ্কার পতন ঘটানো চারটি উইকেট ভাগাভাগি করে নেন মরকেল, তোতসোবে, ম্যাকক্লারেন ও ফাংগিসো।

৩০৮ রানের কঠিন লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। উইকেট পতনের শুরুটা হয় দলীয় ৩৫ রানে। লঙ্কান বোলারদের দাপটে সেটা আর থামাতে পারেননি সফরকারীরা। অধিনায়ক ডি ভিলিয়ার্স যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু অপর প্রান্ত থেকে যথেষ্ট সহায়তা পাননি। ৫১ রান করা ভিলিয়ার্স আউট হলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৭ রান। এরপর দ্রুতই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার  হয়ে তিনটি করে উইকেট শিকার করেন অজন্তা মেন্ডিস ও লাকমাল। দুটি উইকেট নেন সেনানায়েকে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৩০৭/৪ (৫০ ওভার)

দিলশান ৯৯, সাঙ্গাকারা ৭৫*, থিরিমান্নে ৬৮

দক্ষিণ আফ্রিকা: ১৭৯/১০ (৪৩.৫ ওভার)

ভিলিয়ার্স ৫১, ম্যাকক্লারেন ২৯, কক ২৭

ফল: শ্রীলঙ্কা ১২৮ রানে জয়ী।

সিরিজ: শ্রীলঙ্কা ৪-১-এ জয়ী।

সূত্র: ক্রিকইনফো।