শেষ ম্যাচেও প্রোটিয়াদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ নিষ্পত্তি হয়েছে আগের ম্যাচেই। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচটা ছিল তাই আনুষ্ঠানিকতা। শারজায় কাল সেই আনুষ্ঠানিকতার ম্যাচে আলো ছড়ালেন সিরিজ জয়ী প্রোটিয়া দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর বিস্ফোরক সেঞ্চুরিতে টস জেতা দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে করে ২৬৮ রান। পরে পাকিস্তানকে ১৫১ রানে অলআউট করে ডি ভিলিয়ার্সের দল জিতেছে ১১৭ রানে।
দুই ওপেনারকে হারিয়ে রান তাড়া করতে আসা পাকিস্তানের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। শেহজাদ (২) ও হাফিজকে (৬) হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই উমর আমিন (৫) যখন তাঁদের অনুসরণ করলেন স্কোরবোর্ডে পাকিস্তান ১৭/৩। এই বিপর্যয় কাটিয়ে ওঠার মতো বড় জুটি গড়ে তুলতে পারেনি পাকিস্তান। দলের ৫৬ রানে মিসবাহ (১৮) আউট হয়ে যাওয়ার পর উমর আকমলকে (৩০) সঙ্গে নিয়ে সোহাইব মাকসুদ ৫৪ রান করেছিলেন। কিন্তু এই পঞ্চম উইকেট জুটি ছিন্ন হওয়ার পর ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় শেষ হয়েছে পাকিস্তানের ইনিংস। ২৩ রানে শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করেন মাকসুদ। সবচেয়ে সফল বোলার পারনেল, ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে দক্ষিণ আফ্রিকা ইনিংসটি ছিল ডি ভিলিয়ার্স ‘শো’। ১০ চার, ৩ ছয়ে ১০২ বলে অপরাজিত ১১৫ রান করেন ডি ভিলিয়ার্স। যার ২৫ রানই এসেছে তানভিরের করা শেষ ওভারে। ৭০ বলে প্রথম ফিফটি পেরোনো ডি ভিলিয়ার্স ১৫তম ওয়ানডে সেঞ্চুরি পুরো করেছেন ৯৯ বলে। ১০৫ রানের মাথায় পঞ্চম দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানও পূর্ণ হয়েছে ২৯ বছর বয়সী ডানহাতির। ম্যান অব ম্যাচও হয়েছেন তিনি। ৪-১ ব্যবধানে জেতা সিরিজের সেরা খেলোয়াড় রায়ান ম্যাকলারেন। ক্রিকইনফো।