শেষ ম্যাচেও বৃষ্টির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাপ রে...এত বৃষ্টি আগে কখনো দেখিনি’—শনিবার বিকেলে টুইটারে লিখেছেন জন হাস্টিংস। অস্ট্রেলীয় অলরাউন্ডার না হয় প্রথমবার ভারত সফরে এসেছেন। কিন্তু বেশ কবার ভারতে আসা মাইকেল ক্লার্ক কী বলছেন শুনুন, ‘ভারতে এসে কখনো এমন বৃষ্টি দেখিনি।’ গত শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে টানা পাঁচ ঘণ্টা। গতকাল সকাল থেকে আবার শুরু হয়েছে টানা বৃষ্টি। এবার যা বোঝার বুঝে নিন। প্রথম ওয়ানডের মতো বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পথে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও।কাল রাতে যদি বৃষ্টি আর না-ও হয়, তার পরও খেলা হওয়া কঠিন। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের পানিনিষ্কাশনব্যবস্থা খুবই খারাপ। সারা বছরই ফুটবল খেলা হয় এই মাঠে। আবহাওয়া নাটকীয়ভাবে পাল্টে গেলেও তাই আউটফিল্ডকে খেলার উপযোগী করা প্রায় অসম্ভব। গ্রাউন্ডসম্যানরা এই দুঃসাধ্য সাধন করে ফেললে বড়জোর সংক্ষিপ্ত ওভারের ম্যাচ হতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাস খেটে গেলে এই ম্যাচের মৃত্যু ঘোষণা করে দেওয়াই যায়। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মুষলধারে বৃষ্টি হওয়ার কথা কাল রাতে এবং আজও।সে ক্ষেত্রে সবচেয়ে বেশি হতাশ হওয়ার কথা অস্ট্রেলিয়ানদের। আজ খেলা না হলে ১৯৯৬ সালের পর এই প্রথম ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ হারবে অস্ট্রেলিয়া। অপেক্ষা করছে এর চেয়ে বড় লজ্জাও। সেই ১৯৭৯ সালের পর এই প্রথম ভারত সফর থেকে একেবারেই রিক্ত হাতে ফিরবে অস্ট্রেলিয়া। সেবার কিম হিউজের দল দেশে ফিরেছিল ভারত থেকে একটি জয়ও না পেয়ে। এবার পন্টিং-ক্লার্কের দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করার পর হেরেছে দুই টেস্টের দুটোই। তিন ওয়ানডে ম্যাচের সিরিজটি কার্যত এক ম্যাচের সিরিজ হয়ে যাবে বলে সেখানেও থাকবে তারা জয়হীন। ওয়েবসাইট।