শেষ ম্যাচেও শেষ বলে হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলো পেরেরাকে বোল্ড করে নাসির-শামসুরের সঙ্গে মাশরাফির উদ্যাপন। তবে এই আনন্দ ম্যাচ শেষে আর থাকেনি। আবারও যে শেষ বলে হেরে গেল বাংলাদেশ! । ছবি: শামসুল হক
অ্যাঞ্জেলো পেরেরাকে বোল্ড করে নাসির-শামসুরের সঙ্গে মাশরাফির উদ্যাপন। তবে এই আনন্দ ম্যাচ শেষে আর থাকেনি। আবারও যে শেষ বলে হেরে গেল বাংলাদেশ! । ছবি: শামসুল হক

আবারও শেষ বলের নাটকীয়তা। আবারও রুদ্ধশ্বাস উত্তেজনা। আবারও হার। সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে পর পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে শুধু জয়ের সুবাস নিয়েই ফিরে এল বাংলাদেশ দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কালকের হারটা ৩ উইকেটে। বাংলাদেশ তাতে শুধু ২-০-তে সিরিজই হারল না, আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১০ থেকে নেমে দাঁড়াল ১১ নম্বরে। দশে উঠে এসেছে আফগানিস্তান।
১২১ রানের লক্ষ্য টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ দল শ্রীলঙ্কার কাছে কোনো ব্যাপারই হওয়ার কথা ছিল না। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, ততই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। শেষ হাসিটা তবু হাসা যায়নি। ফরহাদ রেজার শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার, শেষ বলে দরকার ছিল ২। এই এক বলের জন্যও মাঠের মধ্যে ছোটখাটো টিম মিটিং করে নতুনভাবে ফিল্ডিং সাজানো হলো। পরিকল্পনামতো বাউন্সার দিতে পারলে কাজ হতে পারত ওই ফিল্ডিংয়ে। কিন্তু আগের পাঁচটা বলই চমৎকার করে শেষটাতে এসে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেন না ফরহাদ। শিশিরে ভিজে বল কিছুটা নরম হয়ে গিয়েছিল। বাউন্সার দেওয়ার চেষ্টা পরিণত হলো শর্ট বলে। এমন লোভনীয় বলে সচিত্রা সেনানায়েকে পুল করে স্কয়ার লেগ দিয়ে মেরে দিলেন বাউন্ডারি। আবারও জিততে জিততে হার নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল।
শিশিরভেজা বল স্পিনারদের গ্রিপ করতে সমস্যা হয়। হাতে ২ ওভার থাকার পরও তাই শেষ দিকে সাকিবকে বোলিংয়ে আনেননি মাশরাফি। তার পরও বোলারদের সম্মিলিত চেষ্টা ১২০ রানের ম্যাচেও আনল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ওই ১২০ রানই হয়ে যাচ্ছিল বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট। ৫০ রানের মধ্যে শ্রীলঙ্কার ৬ উইকেট নেই, বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি ছিল তখন! ইনিংসের চতুর্থ ও নিজের প্রথম ওভারে ওপেনার কুশল পেরেরাকে এলবিডব্লু করে প্রথম আঘাতটা আনেন সাকিব। পরের ওভারেই আরাফাত সানি তিলকরত্নে দিলশানকে বোল্ড করেন। মাঝে মাহমুদউল্লাহর চান্ডিমালকে ফেরানোর উদ্যাপন বা অ্যাঞ্জেলো পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট নিয়ে মাশরাফির ইগলের মতো ওড়ার চেষ্টা দেখে মনে হচ্ছিল, এই রাত বাংলাদেশের!
কিন্তু কুমার সাঙ্গাকারা যে ছিলেন! সপ্তম উইকেটে থিসারা পেরেরার সঙ্গে তাঁর ৪৬ রানের জুটিই ম্যাচে ফেরায় শ্রীলঙ্কাকে। দলের ৯৬ রানের সময় রুবেলের বলে সাঙ্গাকারা শর্ট থার্ডম্যানে তামিমের ক্যাচ হওয়ার পরও লাগামটা আর নেওয়া যায়নি শ্রীলঙ্কার হাত থেকে। সেনানায়েকে আর থিসারা পেরেরার ২৭ রানের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটি সেরে ফেলে জয়ের আনুষ্ঠানিকতা।
রাতে শিশির পড়বে, সেটা আগে থেকে অনুমান করা কঠিন ছিল। টস জিতে তাই প্রথমে ব্যাটিং নিয়েছিলেন মাশরাফি। বাংলাদেশ দলের জন্য খারাপ হলো নাকি ভালো, সে চিন্তা বাদ দিলে ম্যাচের প্রথম পর্বটা হলো দারুণ উপভোগ্য। একদিকে এনামুল-সাকিবদের ‘মিনি’ ব্যাটিং-ঝড়, অন্যদিকে কুলাসেকারা-কুশল পেরেরার দুর্দান্ত দুটি ক্যাচ গ্যালারিভর্তি দর্শককে উপহার দিল খাঁটি ক্রিকেট বিনোদন।
তিলকরত্নে দিলশানের করা প্রথম ওভারের তৃতীয় বলে জীবন ফিরে পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ওপেনার শামসুর রহমান। লাসিথ মালিঙ্গা শর্ট ফাইন লেগে ক্যাচ ফেললেও এক বল পর মিড উইকেটে চান্ডিমাল সেই ভুল করেননি। পরের ওভারে গেলেন তামিম, কুলাসেকারাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে। বল ব্যাটের ওপরের কানায় লেগে জমা পড়েন থার্ডম্যানে মেন্ডিসের হাতে।
ইনিংসের ৮ বলের মধ্যে ৩ রানে ২ উইকেট পড়ে গেলেও তৃতীয় উইকেট জুটিতে এনামুল-সাকিব যেন উড়িয়ে দিতে চাইলেন শ্রীলঙ্কান বোলারদের! তামিমের আউটের পর নেমে প্রথম বলেই কুলাসেকারাকে এক্সট্রা কাভার দিয়ে চার। মাঝে ওভারের চতুর্থ বলটি বাদ দিয়ে পঞ্চম ও শেষ বলে মারলেন আরও দুটি নজরকাড়া বাউন্ডারি। প্রথমটা বোলারের মাথার ওপর দিয়ে, পরেরটা পার হয়ে গেল ডিপ মিড উইকেট বাউন্ডারি।
ঠিক পরের ওভারেই দিলশানের ওপর চড়াও এনামুল হক (বিজয়)। আগের ম্যাচটা শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েও জেতাতে পারেননি। সেই আফসোস থেকেই কি না কাল বেধড়ক মারলেন দিলশানকে। দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে গিয়ে মিড অফ দিয়ে চার। এক বল বিরতি দিয়ে ওয়াইড লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা। পরের বলে এক্সট্রা কাভার দিয়ে চার, শেষ বলে লং অনের ওপর দিয়ে আরেকটি ছয়। এই ওভারে আসা ২০ রানের সৌজন্যে ৩ ওভারেই বাংলাদেশের রান হয়ে গেল ৩৫।
কিন্তু এরপরই সেই দুর্দান্ত দুটি ক্যাচ। আগের ম্যাচে বাংলাদেশি ফিল্ডারদের অসাধারণ সব ক্যাচ দেখেই কি অনুপ্রাণিত হলেন কুলাসেকারা আর কুশল পেরেরা? ইনিংসের ষষ্ঠ ওভারে সেনানায়েকের বলে তুলে মেরেছিলেন সাকিব। কিন্তু মিড অন থেকে উল্টো দিকে দৌড়ে লং অনে গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নিলেন কুলাসেকারা, এককথায় অসাধারণ। সপ্তম ওভারে সেই ক্যাচকেও ছাড়িয়ে গেল পেরেরারটা। এবারও বোলার সেনানায়েকে। ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারার চেষ্টা করেছিলেন এনামুল। কিন্তু বাউন্ডারির কাছে শূন্যে ভেসে সেই ক্যাচও হাতে পুরলেন পেরেরা।
শ্রীলঙ্কার ফিল্ডারদের এরপর আর অসাধারণ কোনো ক্যাচ দেওয়ার সুযোগ দেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। মাহমুদউল্লাহর রানআউট বা নাসির-ফরহাদের উইকেট দিয়ে আসায় কষ্ট কমে যায় শ্রীলঙ্কান বোলারদের। তবে অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে সাব্বির উইকেটে থাকলেন শেষ ওভার পর্যন্ত।
জয়ের একেবারে কাছে গিয়েও ফিরে আসার অতৃপ্তি থাকছে। কিন্তু দুটি টি-টোয়েন্টি ম্যাচেই শেষ ওভার পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস জোগাতে পারে বাংলাদেশকে। সঙ্গে চট্টগ্রাম টেস্টটা ড্র করার স্মৃতি তো থাকছেই।