শেষ ম্যাচেও সালমাদের হার
ভারতের কাছে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হার এড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুই দেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজে ভারত জিতল ৩-০ ব্যবধানে।
কক্সবাজারে কাল তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ৮১ রান। বাংলাদেশের ব্যাটাররা উইকেটে যাওয়া-আসার মিছিলে ছিলেন। উদ্বোধনী ব্যাটার আয়েশা (১৮) ও অধিনায়ক সালমা খাতুন (৩৪) ছাড়া আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। বাংলাদেশের ইনিংসে চার মাত্র দুটি। কোনো ছয় নেই। তিনে ব্যাট করতে নেমে সালমা এক প্রান্ত আগলে না রাখলে ৮০-ও হয় না বাংলাদেশের।
এই অল্প রান তাড়া করা ভারতের জন্য মামুলি ব্যাপারই হলো। ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত ম্যাচ জিতে ধবলধোলাই-ই করল স্বাগতিকদের। ৭ উইকেটের এই বড় জয়ে ভারতের উদ্বোধনী ব্যাটার কুমারী (৩৬) রেখেছেন বড় অবদান। ২৬ রানে অপরাজিত ছিলেন পান্ডে।
তার আগে বল হাতে ভারতের জয়ের পথটা সহজ করে দেন বাঁহাতি স্পিনার গওহর সুলতানা (১৭/৩) ও শ্রাবন্তী নাইড়ু (১৩/৩)। তাঁদের স্পিনের জবাব দিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। চারজন স্টাম্পড হয়েছেন, যার দুটি করে ভাগ করেছেন সুলতানা ও নাইড়ু।