শেষ ম্যাচেও হার খুলনার
পার্থক্য গড়ে দিয়েছিলেন সিলেট রয়্যালসের উদ্বোধনী দুই ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল ও পল স্টারলিং। শত চেষ্টা করেও সেই পার্থক্যটা ঘুচাতে পারলেন না মিথুন আলী। ৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলেও খুলনা রয়েল বেঙ্গলসের বড় ব্যবধানে হার ঠেকাতে পারেননি তিনি।বিপিএলের পয়েন্ট তালিকার তলানিতে থাকা খুলনা আজ নিজেদের শেষ ম্যাচে হেরেছে ৬১ রানে। টসে হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৬ তুলেছিল সিলেট রয়্যালস। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৭ উইকেটে ১৩৫ রান তোলো খুলনা।১৯৭ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। ৩১ রানের মধ্যে পতন ঘটে চারটি উইকেটের। তবে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন রিকি ওয়েসেলস ও মিথুন আলী। মিথুন সাজঘরে ফেরেন ৪৭ বলে ৬০ রান করে। ওয়েসেলস ২৬ রানে অপরাজিত থাকেন। খুলনা ব্যাটসম্যানদের মধ্যে মিথুন ও ওয়েসেলস ছাড়া দুই অঙ্কের সংগ্রহ গড়তে সক্ষম হন কেবল ড্যানিয়েল হ্যারিস (১৪)। সিলেটের হয়ে মোহাম্মদ নবী তিনটি এবং এলটন চিগুম্বুরা দুটি উইকেট নেন ।চন্দরপল-স্টারলিংয়ের ১৩৪ রানের জুটিতেই এ ম্যাচে চালকের আসনে বসে যায় প্রথমে ব্যাট করা সিলেট। ৩৯ বলে ৬৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন স্টার্লিং। ৫১ বলে চন্দরপল করেন ৬৬ রান।শেষের দিকে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ৩৬ রানের ঝোড়ো এক ইনিংসে বড় সংগ্রহ নিশ্চিত হয় সিলেটের। তাঁর ১৪ বলের সংক্ষিপ্ত ইনিংসটিতে ছিল পাঁচটি ছয়ের মার। ৯ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন এলটন চিগুম্বুরা। খুলনার হয়ে ক্রিসমার, জিহান মোবারক ও নূর হোসেন প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।আজকের জয়ের সুবাদে ১১ ম্যাচে সিলেটের অর্জন ১৬ পয়েন্ট। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান দ্বিতীয়। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরস। তালিকায় সবার নিচে থাকা খুলনার ১২ ম্যাচে অর্জন ৬ পয়েন্ট।