শেষ ম্যাচেও হার ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য ৩০৪ রানের বড় সংগ্রহ গড়েছিল ভারত। কিন্তু তারপরও জয় পাওয়া হলো না বিশ্বকাপজয়ীদের। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটের হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হলো ধোনি বাহিনীকে। দুঃস্বপ্নের ইংল্যান্ড সফর শেষে একেবারেই খালি হাতে ফিরে গেল ভারত। ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল স্বাগতিক ইংল্যান্ড। জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি ইংল্যান্ড। পঞ্চম ওভারেই ক্রেইগ ক্রিস্টারের উইকেট তুলে নিয়েছিলেন বিনয় কুমার। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭৯ রানের পার্টনারশিপ গড়ে সেই ধাক্কা সামলে নেন অ্যালিস্টার কুক ও জনাথন ট্রট। বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ৩৪ ওভারে ২৪১ রান। ব্যক্তিগত ৫০ রান করে আউচ হন কুক। তৃতীয় উইকেটে ঝড়ো ব্যাটিং করে মাত্র ৬.২ ওভারে ৫৪ রান যোগ করেন ট্রট ও ইয়ান বেল। এরপর টানা দুই ওভারে এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও পঞ্চম উইকেটে দুর্দান্ত ব্যাটিং করে ইংল্যান্ডকে জয় এনে দেন রবি বোপারা ও অভিষিক্ত জনি বেয়ারস্টো। ২১ বলে ৪১ রানের চমত্কার এক ইনিংস খেলেছেন জনি। বোপারার ব্যাট থেকে এসেছে ৩৭ রান।এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ৫৭ রানেই দুই ওপেনার আজনকা রেহানে ও পার্থিব প্যাটেলকে সাজঘরে পাঠিয়ে শুরুটাও মোটামুটি ভালোভাবেই করেছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়ে ইংলিশ বোলারদের হতাশায় পোড়ান দ্রাবিড় ও কোহলি। ব্যক্তিগত ৬৯ রানের মাথায় সোয়ানের বলে বোল্ড হয়ে একদিনের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন দ্রাবিড়। পরের ওভারে কোহলির উইকেটও তুলে নেন সোয়ান। তবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতকটি পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ মুহূর্তে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২৬ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। ওয়েবসাইট