শেষ ম্যাচেও হারল ইংল্যান্ড

গত ম্যাচের জয়ের সুখস্মৃতি নিয়ে আজ অ্যাডিলেডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল ইংল্যান্ড। শুরুটাও মন্দ নয়। টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ২১৭ রানেই আটকে দিয়েছিলেন ইংলিশ বোলাররা। কিন্তু সহজ লক্ষ্যটাও টপকাতে পারল না অ্যালিস্টার কুকের দল। হারল ৫ রানে। অ্যাশেজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়—কুকবাহিনীর সান্ত্বনার বুঝি আর জায়গা রইল না! সিরিজের শেষ ম্যাচে জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতকে হটিয়ে আবার শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ের এই ওঠানামার খেলা অবশ্য চলবে আগামী কয়েক দিন।
২১৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কুক (৩৯), জো রুট (৫৫) ও মরগানের (৩৯) তিনটি মাঝারি মানের ইনিংস ইংলিশদের জয়ের স্বপ্ন দেখালেও ম্যাকাই, কোল্টার-নাইলের ও ফকনারের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা অ্যাডিলেডের ধূলিতেই মিশে যায়। অলরাউন্ডার নৈপুণ্যের জন্য ফকনারই ম্যাচসেরা। আর সিরিজ-সেরা অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ।
এর আগে অবশ্য অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যথার্থতা প্রমাণ করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। প্রথম ২০ ওভারের মধ্যে ৬৪ রান সংগ্রহ করতেই ফিঞ্চ (৭), শেন ওয়াটসন (০), ক্লার্ক (৮) ও শন মার্শের (৩৬) উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।
এরপর জর্জ বেইলির লড়াকু ব্যাটিংয়ে সম্মানজনক অবস্থানে যেতে পারে অস্ট্রেলিয়া। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু ওয়েডের সঙ্গে জুটি বেঁধে ১০৩ রান জমা করেন বেইলি। ৪১ ওভারে সাজঘরে ফেরার আগে তাঁর ব্যাট থেকেই এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান। ম্যাক্সওয়েল ২২ ও ওয়েড করেছেন ৩১। শেষমেশ ফকনারের ২৭ ও কোল্টার-নাইলের ১৫ রানে স্কোরবোর্ডে ২১৭ রান জমা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস।