শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলনামূলক ভালো খেলেও ভাগ্যবিড়ম্বনার শিকার বাংলাদেশ। তাই ঘটনাবহুল ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ওমানের ১-০ জয়। ওমানের জন্য যেটি এক বড় প্রাপ্তি।দুটি পেনাল্টি হলো বাংলাদেশের বিপক্ষে। দ্বিতীয়টি বাংলাদেশের গোলরক্ষক রাসেল ঠেকিয়ে দিয়েছেন। ১৮ মিনিটে প্রথম পেনাল্টিতে গোল করেন আল হাবসি। তার পরও বাংলাদেশ হয়তো ফিরতে পারত ম্যাচে, কিন্তু ৫১ মিনিটে মাসুদ রানা লাল কার্ড দেখায় শেষ হয়ে যায় সেই আশা। তবে ১০ জনের দল হয়েও হারার আগেই ম্যাচ হারেনি লাল-সবুজের দল।ওমানেরও একজন লাল কার্ড দেখেছেন। ম্যাচে হলুদ কার্ড মোট ৭টি। মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম কার্ডময় এক ম্যাচ দেখল কাল সন্ধ্যায়! একই ফাউলে যেখানে ওমানকে সুবিধা দিয়েছেন রেফারি, বাংলাদেশকে দিয়েছেন গুরু দণ্ড। তবে এসব ছাপিয়ে গেল বাংলাদেশ কোচ নিকোলা ইলিয়েভস্কির বহিষ্কার। বাংলাদেশের বিপক্ষে দেওয়া একটা ফাউলের প্রতিবাদ করায় জর্ডানের রেফারি তাঁকে টেন্ট থেকে বহিষ্কার করেন (৪৯ মিনিট)। রেফারির সামগ্রিক খেলা পরিচালনা ছিল খুবই দুর্বল। ম্যাচটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই একটা গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু লক্ষ্যভেদে এত লক্ষ্যহীন ছিল দল যে, গোলের আশা করতে হতো আশার বিপরীতে। ঠিক গোলের সামনে গিয়েই এলোমেলো হয়ে পড়েছেন অনীক, সিফাত, মালেকরা।তারই ফল পরাজয় দিয়েই বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল শেষ হওয়া। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শুরু। ইরাক ও সৌদি আরবের কাছে হার ছিল বিশাল—৬-০ ও ৪-০। যেহেতু ওমান সৌদি আরবের কাছে ৪-০ ও ইরাকের কাছে ৪-১ গোলে হেরেছিল, তাই ধরে নেওয়া হয়েছিল, বাংলাদেশের পক্ষে ওমানকে হারানো অসম্ভব নয়। ইলিয়েভস্কি বলেছিলেন, ‘জয় দিয়ে শেষ করতে চাই।’ সেই জয়টা এল না। ম্যাচের পর ইলিয়েভস্কির মুখে আক্ষেপ, ‘মাত্র দুই মাসের অনুশীলনে এবং অনুশীলন ম্যাচ না খেলে বেশি কিছু আশা করা কঠিন।’ ক্ষোভ প্রকাশ করলেন রেফারিং নিয়ে, ‘রেফারি ছিল আমাদের বড় প্রতিপক্ষ।’এর আগে সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়েছে ইরাক। চার ম্যাচেই জয় নিয়ে ইরাক গেল চূড়ান্ত পর্বে, সঙ্গে সৌদি আরবও।