শেষ রক্ষা হলো না তাঁর

ভেতরে-ভেতরে নিশ্চিতই হয়ে গিয়েছিল লুই ফন গালের ভাগ্য। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে এই ডাচ কোচের চলে যাওয়াটা ছিল সময়েরই ব্যাপার। অবশেষে সোমবার (বাংলাদেশ সময় রাতে) নিশ্চিত হয়েছে তাঁর বরখাস্তের খবর।
২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন ফন গাল। তিন বছরের চুক্তিতে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা এই ক্লাবের দায়িত্ব নিলেও ব্যর্থতার কারণেই চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই চাকরি হারাতে হলো তাঁকে।
মৌসুমজুড়েই নানাভাবে সমালোচিত হচ্ছিলেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও হল্যান্ড জাতীয় দলের এই সাবেক কোচ। তাঁর খেলার কৌশল নিয়ে রীতিমতো হতাশাই ছড়িয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। গত শনিবার ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে এফএ কাপ জিতলেও প্রিমিয়ার লিগে পঞ্চম হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ইউনাইটেড। মূলত চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার ব্যর্থতাই তাঁর বিদায় ত্বরান্বিত করেছে বলে মনে করা হচ্ছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নিজের এই বিদায়ে হতাশা প্রকাশ করেছেন ফন গাল। ক্লাব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘তিন বছরের চুক্তিতে এখানে এসেছিলাম। কিন্তু আমি হতাশ, তিন বছরের পরিকল্পনাটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারলাম না।’
ফন গাল আরও বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে কোচিং করানোর স্বপ্ন সব পেশাদার কোচেরই আজীবনের লালিত স্বপ্ন। আমিও এমন স্বপ্ন মনের মধ্যে লালন করেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছিল। ব্যাপারটা আমাকে আলোড়িত করে। এটা আমার জন্য বিরাট এক সম্মানের। আশা করছি, দল যে অবস্থায় আছে, সেখান থেকে তারা কেবল সামনের দিকেই এগিয়ে যাবে এবং আরও বড় বড় সাফল্য তাদের হাতে ধরা দেবে।’
ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবেই মানা হয় ফন গালকে। তাঁর অধীনে বার্সেলোনা ও বায়ার্ন লিগ শিরোপাও অর্জন করে। নিজ দেশের ক্লাব আয়াক্সের কোচ হিসেবে তাঁর সাফল্য আর বিস্তৃত। ডাচ ক্লাবটিকে লিগ শিরোপা জেতানোর পাশাপাশি ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগেরও শিরোপা জিতিয়েছিলেন তিনি।
২০১৪ বিশ্বকাপে তাঁর অধীনে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিল হল্যান্ড। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর ব্রাজিলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে তারা।
ইউনাইটেডের নতুন কোচ হিসেবে ফন গালেরই সাবেক সহকারী হোসে মরিনহোর নাম শোনা যাচ্ছে। যদিও তা এখনো নিশ্চিত করা হয়নি। সূত্র: এএফপি।