শেষ রঞ্জি ম্যাচে টেন্ডুলকারের ৭৯

জীবনের শেষ প্রথম শ্রেণীর ম্যাচটিতেও ‘হিরো’ শচীন টেন্ডুলকার। ৭৯ রানের এক ম্যাচজয়ী ইনিংস খেলে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি জিতিয়েছেন তাঁর দল মুম্বাইকে। রঞ্জি ট্রফির এই ম্যাচে মুম্বাইয়ের প্রতিপক্ষ ছিল হরিয়ানা। ম্যাচে জয়-পরাজয় ছাপিয়েও টেন্ডুলকারের বিদায়ী ইনিংস কিংবা ঘরোয়া ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামাটা যে বড় হয়ে উঠেছিল, সেটা বলাই বাহুল্য। রাহতাকের বংশী লাল স্টেডিয়ামের আবহটাও ছিল ঠিক অমনই। দর্শকেরা জয়-পরাজয় নিয়ে ব্যস্ত ছিলেন না। তাঁদের লক্ষ্য ছিল, ‘লিটল মাস্টারে’র ইনিংসটি প্রাণভরে উপভোগ করা। ঘরোয়া ক্রিকেটে যে আর কখনোই মাঠে নামবেন না ভারতীয় ক্রিকেটের চিরকালীন এই ‘ওয়ান্ডারবয়’। পরাজয় ভুলে হরিয়ানার খেলোয়াড়েরাও লিটল মাস্টারকে স্যালুট জানিয়ে ধন্য হয়েছেন। অপরাজিত ৭৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় বংশী লাল স্টেডিয়াম কিংবদন্তিকে সম্ভাষণ জানিয়েছে একযোগে দাঁড়িয়ে আর তুমুল করতালি দিয়ে। সেই করতালিতে অবশ্য উল্লাস ছিল না। ছিল একটি বর্ণাঢ্য অধ্যায় শেষ হয়ে যাওয়ার করুণ রাগিণী। সূত্র: পিটিআই।