শেষ রাউন্ডে সিদ্দিকুরের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ থেকে গত পরশু তৃতীয় রাউন্ডে এক ধাক্কায় নেমে গিয়েছিলেন ৬৪-এ। সবাই বলাবলি করছিল, সিদ্দিকুরের আশা শেষ। কিন্তু লড়াই যাঁর রক্তে মিশে আছে, তিনি হাল ছাড়বেন কেন? দিন শেষে প্রত্যয়ী কণ্ঠে বলেছিলেন, ‘দিনটা আমার ছিল না, কোনো কিছুই ঠিক হয়নি। তাই বলে হতাশ হচ্ছি না, বিশ্বাস আছে ঠিকই ঘুরে দাঁড়াব। শেষের এখনো অনেক বাকি...।’শুধু মুখেই বলেননি, করেও দেখালেন। কাল সাতটি বার্ডি স্কোর করে সবাইকে চমকে দিলেন সিদ্দিকুর রহমান। স্কট-কেমার-হানসেন-ম্যাকডাওয়েলদের মতো বিশ্বখ্যাত গলফারদের টপকে সিঙ্গাপুর ওপেনে কালকের দিনের সেরা পারফর্মার বাংলাদেশের সিদ্দিকুর। কালকের পারফরম্যান্সে ৬৪ থেকে উঠে এসেছেন ২১-এ। আলোকস্বল্পতা বাধা হয়ে না দাঁড়ালে চূড়ান্ত ফলাফল জানা যেত কালই। সিদ্দিকুরের কালকের পারফরম্যান্সে চোখ ধাঁধিয়ে গেছে ১৯৮৮ সালে পেশাদার হওয়া সুইডিশ গলফার পিটার হেডব্লমের, ‘অসাধারণ পারফরম্যান্স, আমি সত্যিই চমকে গেছি।’ চতুর্থ ও শেষ রাউন্ডে সিদ্দিকুরের জুটি উত্তর আয়ারল্যান্ডের গ্যারেথ মেবিনের কণ্ঠেও ছিল বিস্ময়, ‘তলানি থেকে এভাবে একেবারে ওপরের দিকে উঠে আসতে প্রয়োজন প্রচণ্ড সাহস আর প্রতিজ্ঞা। ওর সঙ্গে খেলতে পেরে আমি খুশি, অনেক কিছু শিখেছি ওর কাছ থেকে।’ সিদ্দিকুরের কণ্ঠে বরাবরের মতোই ছিল বিনয়, ‘শীর্ষ গলফারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছি, সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ তাঁদের প্রতি যাঁরা আমার ওপর আস্থা রেখেছেন ও সমর্থন দিয়েছেন।’