শেষ লড়াইটা জমবে ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষের শুরু আজ। ১৯৯৮ সালে বাংলাদেশে আইসিসি নকআউট টুর্নামেন্ট নাম নিয়ে শুরু যে চ্যাম্পিয়নস ট্রফির, সময়ের পরিক্রমায় ক্রিকেটের আদিভূমি ইংল্যান্ডেই দাঁড়ি টানছে সেটা। বাংলাদেশের মতো দেশে ক্রিকেটকে জনপ্রিয় করতে উদ্ভব যে টুর্নামেন্টের, জনপ্রিয়তা হারিয়ে সেটা এখন ক্ষণ গুনছে সমাপ্তির। টেস্টের চিরায়ত সৌন্দর্য ও টি-টোয়েন্টির মারদাঙ্গার মাঝে পড়ে ওয়ানডে ক্রিকেটটাই এখন অনেকের কাছে বাহুল্য। তবে শেষবেলায় জমজমাট এক লড়াইয়ের প্রতিশ্রুতিই দিচ্ছে ওয়ানডে ক্রিকেটের সেরা আট দলের এই প্রতিযোগিতা। পরিষ্কার কোনো ফেবারিট নেই, শিরোপা জিততে পারে যে কেউ, এই সমীকরণ নিয়েই আজ শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির সপ্তম ও অন্তিম আসরটা, শেষ হবে ২৩ জুন। তারপর এটা থাকবে কেবলই ইতিহাসে।

১৮ দিন, ১৫ ম্যাচ, ২ গ্রুপ; ইংল্যান্ড ও ওয়েলসের তিনটি ভেন্যু ওভাল, এজবাস্টন ও কার্ডিফে বসছে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় বৃহত্তম আসর। ২৩ জুন বার্মিংহামের এজবাস্টনে শেষ হাসি কারা হাসবে, কারা উঁচিয়ে ধরবে ট্রফি, এবার সত্যিই এটা বলা কঠিন। বাজির দরে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, সবার নিচে নিউজিল্যান্ড। কিন্তু এই নিউজিল্যান্ডের কাছেই গত জানুয়ারিতে নিজেদের মাঠে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। কিউইদের কাছে দেশের মাটিতে মাত্রই সিরিজ হেরেছে ইংল্যান্ডও। আর এ কারণেই পুরোপুরি উন্মুক্ত চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরটা।

আজ কার্ডিফে প্রথম ম্যাচ। মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত। যে জ্যাক ক্যালিসের হাত ধরে ঢাকায় ১৯৯৮ সালে প্রথম ও শেষবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা, সেই ক্যালিসকে ছাড়াই ইংল্যান্ডে এসেছে দলটি। আর একেবারে শেষ মুহূর্তে এসে সংশয় দেখা দিয়েছে বোলিং আক্রমণের মূল অস্ত্র ডেল স্টেইনকে পাওয়া নিয়েও। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেটের পেশিতে টান পড়েছে বিশ্বসেরা বোলারের। এর পরও প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স কোচ গ্যারি কারস্টেনকে সম্ভাব্য সেরা বিদায়ী উপহারটাই দিতে চান। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে কারস্টেনের এটাই শেষ দায়িত্ব।

বিশ্বকাপ জিতিয়েই ভারতকে বিদায় বলেছিলেন কারস্টেন। ওই ২০১১ বিশ্বকাপেই সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে জেরবার ভারতীয় দলটায় অবশ্য বিশ্বকাপজয়ী দলের মাত্র তিনজনই আছেন—অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও সুরেশ রায়না। অনভিজ্ঞ দল নিয়ে ধোনিরা কত দূর যেতে পারেন দেখার বিষয় সেটাই। যদিও শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই বড় ব্যবধানে জিতেছে ভারত।

‘বি’ গ্রুপের অপর দুটি দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সবচেয়ে অননুমেয় দল পাকিস্তান নিজেদের দিনে করে ফেলতে পারে যেকোনো কিছুই। দলটিকে এক সূত্রে গাঁথা অধিনায়ক মিসবাহ-উল-হকের সবচেয়ে বড় অস্ত্র অফ স্পিনার সাঈদ আজমল। অননুমেয় এখন ওয়েস্ট ইন্ডিজও। গেইল-পোলার্ডের মতো ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানরা ধ্বংস করতে পারেন বিশ্বের যেকোনো বোলিং আক্রমণই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপটা তো আর এমনি এমনিই জেতেনি ক্যারিবীয়রা।

‘এ’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের ঘরের মাঠকে কাজে লাগিয়ে সফল হওয়ার উচ্চাশায় প্রচণ্ড ঘা দিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ হারের যন্ত্রণায় যোগ হয়েছে স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনকে না পাওয়ার আশঙ্কা। এই দুই পেসারকে ছাড়া খেলার বিপদটা ভালোই টের পেয়েছে ইংলিশরা।

কালো পোশাকের নিউজিল্যান্ডকেই ‘কালো ঘোড়া’ উপাধিটা দেওয়া যায়। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা মার্টিন গাপটিলের সঙ্গে যদি রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট কথা বলতে শুরু করে, কিউইরা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফিটা হাতে তুলতেই পারে।

প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে মাত্র ৬৫ রানে অলআউট। সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিছুটা হলেও অস্বস্তিতে। নিজেদের সেরা সময় পেছনে ফেলা দলটি সংশয়ে আছে অধিনায়ক মাইকেল ক্লার্ককে নিয়ে। পুরোনো পিঠের সমস্যাটা আবার ফিরে আসায় পরশু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ক্লার্ক খেলবেন কি না বলা যাচ্ছে না। গ্রুপের অন্য দল শ্রীলঙ্কাই শুধু নির্ভার। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গারা বিধ্বংসী এক চেহারাই দিয়েছেন দলটিকে। রয়টার্স।