শেষ লড়াইয়ের অপেক্ষায়
১৯ দিন ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর পর একটু দম নিচ্ছে বিশ্বকাপ। সামনে যে আসল লড়াই।৪৮ ম্যাচ আর আনন্দ-বেদনা, হাসি-কান্না, উচ্ছ্বাস-হতাশার অনেক মানবীয় নাটকের মধ্য দিয়ে ৩২ দলের বিশ্বকাপ এখন ৮ দলের। আর মাত্র ৮টি ম্যাচ। এর মধ্যে নিছকই আনুষ্ঠানিকতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা না হয় বাদই দিন। বাকি সাত ম্যাচই মীমাংসা করে দেবে পরের চার বছরের জন্য ফুটবল-শ্রেষ্ঠত্বের।আগামীকাল প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল। পরশু বাকি দুটি। বিশ্বকাপ এগিয়ে যাচ্ছে চূড়ান্ত উত্তেজনার দিকে। অঘটনঘটনপটীয়সী এই বিশ্বকাপ এরই মধ্যে কম বিস্ময় উপহার দেয়নি। দ্বিতীয় রাউন্ডেই জার্মানি-ইংল্যান্ডের দেখা হয়ে যাওয়াটা এরই একটি। ইতালি-ফ্রান্সের বিশ্বকাপ-দরজার চৌকাঠেই হোঁচট খাওয়াটাও। এই ত্রিবিধ কারণেই এবার কোয়ার্টার ফাইনাল লাইনআপটার এমন ব্যতিক্রমী চেহারা। শেষ আট দলে পরিষ্কার দুটি ভাগ। চারটি দল একাধিকবার বিশ্বকাপ জিতেছে। বাকি চারটি দল কখনোই জেতেনি।একাধিকবার বিশ্বকাপজয়ী চার দলের দুটি আবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি। তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ও দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচটি অনায়াসে ফাইনাল হতে পারত। একই কথা বলা যায় আগামীকাল ব্রাজিল-হল্যান্ড প্রথম কোয়ার্টার ফাইনালটি নিয়েও। হল্যান্ড কখনো বিশ্বকাপ জেতেনি, কিন্তু পরপর দুটি ফাইনাল তো খেলেছে।তুলনায় অন্য দুটি কোয়ার্টার ফাইনাল তেমন রোমাঞ্চ জাগাচ্ছে না। একটিতে ১৯৭০ বিশ্বকাপের পর প্রথম শেষ আটে উত্তীর্ণ উরুগুয়ের সামনে আফ্রিকার প্রদীপ জ্বালিয়ে রাখা ঘানা। যাদের জন্য কোয়ার্টার ফাইনালে খেলার অভিজ্ঞতাই অভূতপূর্ব। এবারের টুর্নামেন্ট-পূর্ব ফেবারিট স্পেনের প্রতিপক্ষ প্যারাগুয়ের জন্যও তা-ই।এই বিশ্বকাপে পতপত করে উড়ছে লাতিন পতাকা। পাঁচটি দলের পাঁচটিই উঠেছে দ্বিতীয় রাউন্ডে। কোয়ার্টার ফাইনালেও সবচেয়ে বেশি—চারটি দল দক্ষিণ আমেরিকার। যেখানে ইউরোপের ১৩টি দলের মাত্র ৬টি পেরোতে পেরেছে গ্রুপ পর্ব। এর তিনটিই আবার ঝরে পড়েছে দ্বিতীয় রাউন্ডে। সব মিলিয়ে অবস্থাটা এমন যে, সেমিফাইনালে গিয়ে এবারের বিশ্বকাপ হয়ে যেতে পারে ‘কোপা আমেরিকা’র আরেকটি সংস্করণ! চার বছর আগে জার্মানি বিশ্বকাপ যেমন সেমিফাইনালে গিয়ে ‘ইউরোপিয়ান কাপ’ হয়ে গিয়েছিল।আরেকটু এগিয়ে ভাবলে ১৯৩০ সালে সেই প্রথম আসরের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে ইউরোপের কোনো দল না-ও থাকতে পারে। তা-ই যদি হয়, বাংলাদেশের বেশির ভাগ ফুটবলপ্রেমী বড় আনন্দ পাবে। ফাইনালে ইউরোপের কোনো দল না থাকা মানেই যে সেটি ব্রাজিল-আর্জেন্টিনা হওয়ার প্রবল সম্ভাবনা।১৯৭৪ বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকান দুই পরাশক্তির বিশ্বকাপে দেখাই হয়নি। ফাইনালে তো কখনোই নয়। তবে স্বপ্নের সেই ফাইনালের পথে বড় বড় সব বাধা আছে। ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার পথেই বেশি কাঁটা ছড়ানো। জার্মানির বাধা পার হতে পারলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এ যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ার মতো ব্যাপার।ব্রাজিলের বরং হল্যান্ডকে নিয়েই যা একটু ভয়। সেমিফাইনালে উরুগুয়ে বা ঘানা যে দলই আসুক, এই ঠান্ডা-হিসাবি-পেশাদার ব্রাজিলের সামনে দাঁড়াতে পারার কথা নয়। হল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দেখা ১৯৭৪-এ। ইয়োহান ক্রুইফের ডাচ দল তখন মাঠে কমলা ফুল ফুটিয়ে সবাইকে ব্রাজিলের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই বিশ্বকাপের ব্রাজিল নয়, ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিলকে। ১৯৭৪ বিশ্বকাপে তো ‘প্রজন্ম-শূন্যতা’য় আক্রান্ত ব্রাজিলের হতচ্ছাড়া দশা। ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা তখন স্বভাববিরুদ্ধভাবে মারধরও শুরু করেছে। তা করেও হল্যান্ডকে আটকাতে পারেনি।দুই দলের পরের দুটি ম্যাচেই জিতেছে ব্রাজিল, যদিও ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালটি কাগজে-কলমে ড্রই লেখা আছে। কারণ ১-১ গোলে ড্রয়ের পর ব্রাজিল জিতেছিল টাইব্রেকারে। এর আগে ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের জয় ৩-২ গোলে। ব্রাজিল-হল্যান্ডের বিশ্বকাপে দেখা হওয়ার একটা বাড়তি তাৎপর্য আছে। তিনবারই এই দ্বৈরথের জয়ী দল ফাইনাল খেলেছে। এবারও সেটির পুনরাবৃত্তি একরকম নিশ্চিতই বলা যায়।ব্রাজিল-হল্যান্ড অবশ্যই রোমাঞ্চকর এক সম্ভাবনা। এই বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনা-জার্মানি বোধহয় আরও বেশি। মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনা শুধু লাতিন জাদুর ঝলকই দেখাচ্ছে না, খেলছে যেন মনের আনন্দে। আর জার্মানি তো এই বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়। গড় বয়স ২৫-এর এক তরুণ দল ভবিষ্যতের গান গাইতে এসে সবাইকে অবাক করে রঙিন করে তুলছে বর্তমানকেও। জার্মান যান্ত্রিকতা-দোষ থেকেও অনেকটাই মুক্ত জোয়াকিম লোর এই দল।এই পথে যাত্রাটা বোধহয় শুরু হয়েছিল গত বিশ্বকাপে ইয়ুর্গেন ক্লিন্সমানের হাত ধরেই। সেবারও কোয়ার্টার ফাইনালে এই আর্জেন্টিনা, যাদের এবারের চেয়েও বেশি দুর্দান্ত বলে মনে হচ্ছিল সেই ম্যাচের আগ পর্যন্ত। ১-১ ড্রয়ের পর সেই ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনাকে বিদায় করে দিয়েছিল স্বাগতিক জার্মানি।আর্জেন্টিনার এবার প্রতিশোধ নেওয়ার পালা। জার্মানি অবশ্য আর্জেন্টাইনদের কাছে এরও আগে থেকেই বিপরীতমুখী সব আবেগের উপলক্ষ। ম্যারাডোনার কাছে আরও বেশি। ’৮৬ ও ’৯০ পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে এই দুই দল। বিশ্বকাপের ইতিহাসে আর কখনো এ ঘটনা ঘটেনি। এই দুই ফাইনালের প্রথমটিতে হেসেছেন ম্যারাডোনা। দ্বিতীয়টিতে কেঁদেছেন।তখনকার পশ্চিম জার্মানি এখন নাম বদলে জার্মানি। ডিয়েগো ম্যারাডোনা এখন ভূমিকা বদলে খেলোয়াড় থেকে কোচ। একটা ব্যাপার শুধু বদলায়নি। খেলোয়াড় ম্যারাডোনার মতো কোচ ম্যারাডোনাও মস্তিষ্কের চেয়ে বেশি হূদয়চালিত। ম্যারাডোনা মানেই আবেগ। বিশ্বকাপের বাকি অংশটাও তো সেই আবেগেরই খেলা হতে যাচ্ছে!