শেষ ষোলো দেখছে প্যারাগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাগুয়ের সমর্থকেরা ম্যাচের পর এমন আনন্দ করতে লাগল যে, তাদের দল বুঝি বিশ্বকাপে বড় কিছু অর্জন করে ফেলেছে। বড় কিছু না হোক কমও তো নয়। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়ে যখন অনেক পরাশক্তির ত্রাহি অবস্থা, তখন প্যারাগুয়ের দ্বিতীয় রাউন্ডের পথে এক পা বাড়িয়ে দেওয়া তাদের সমর্থকদের কাছে বড় কিছুই।ইতালির বিপক্ষে আগে গোল করেও জিততে পারেনি প্যারাগুয়ে। কিন্তু কাল স্লোভাকিয়ার সঙ্গে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলে এই ম্যাচ তারা জিতল ২-০ গোলে।দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়েছিল প্যারাগুয়ে। ব্রাজিলের চেয়ে পিছিয়ে ছিল মাত্র এক পয়েন্ট। সেই প্যারাগুয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন বেশ সুবিধাজনক জায়গায়। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।এবার নিয়ে অষ্টমবার বিশ্বকাপ খেলছে প্যারাগুয়ে। লাতিন আমেরিকার দলটির সেরা সাফল্য তিনবার দ্বিতীয় রাউন্ডে খেলা। কোয়ার্টার ফাইনালের স্বাদ না নিয়েই বিশ্বকাপ থেকে ফেরার হতাশা এবার দলটি ভুলতে পারবে কি না, কে জানে। তবে কাল নিজেদের সামর্থ্যের প্রমাণটা ভালোই দিয়েছে প্যারাগুয়ে। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ মিনিটে গোল খেয়ে ড্র করা (১-১) স্লোভাকিয়া এদিন সুবিধাই করতে পারেনি। প্যারাগুয়ে পোস্টে তারা প্রথম ‘অন টার্গেট’ শট নিয়েছে ম্যাচের অতিরিক্ত সময়ে! প্যারাগুয়ে প্রতিপক্ষের পোস্টে প্রথমার্ধেই শট নিয়েছে ৮টি, যার ৪টি ছিল লক্ষ্যে। ২৭ মিনিটে মেক্সিকোর প্রিমিয়ার লিগের দল এটলামোর ডিফেন্সিভ মিডফিল্ডার এনরিকে ভেরা বক্সের ঠিক ওপর থেকে তাঁর ডান পায়ের দুর্দান্ত ফ্লিকে প্রথম গোলটি করেন। দুই ডিফেন্ডারের ফাঁক গলে পাসটা বাড়িয়ে দেন দলের আক্রমণের প্রাণ লুকাস ব্যারিয়স। প্যারাগুয়ের জয়টা নিশ্চিত হলো ৭১ মিনিটে। গোলের উৎস ছিল ফ্রি-কিক। ওই ফ্রি-কিক থেকে বক্সের একটু ভেতরে বল পান রিভেরোস। ভুল করেননি ইংলিশ প্রিমিয়ার লিগের দল সান্ডারল্যান্ডের মিডফিল্ডার রিভেরোস। দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন তিনি।