শেষ ষোলোতে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র
মাত্র তিন মিনিট! তিন মিনিটেই পাল্টে গেল ছক। স্লোভেনিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দিগন্তে উঁকি দিতে দিতেই মিলিয়ে গেল। ম্যাচের ৯১ মিনিটে ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত গোলটি করে ল্যানডন ডনোভান যুক্তরাষ্ট্রকে শুধু জয়ই এনে দিলেন না, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার প্রান্তে দাঁড়িয়ে থাকা দলটিকে গ্রুপ চ্যাম্পিয়ন করেই নিয়ে গেলেন দ্বিতীয় রাউন্ডে। একই সময় ইংল্যান্ডও স্লোভেনিয়াকে সমান ব্যবধানে হারিয়ে নিশ্চিত করল শেষ ষোলো।‘সি’ গ্রুপটা এবার শুরু থেকেই নাটকের জন্ম দিয়ে যাচ্ছিল। শেষটাও হলো এমন নাটকীয়তায়। পয়েন্ট টেবিলের অবস্থাটা এমন ছিল, যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচ ড্র হলে হেরেও ইংল্যান্ডের সঙ্গী হতো স্লোভেনিয়াই। ৯০ মিনিট পর্যন্ত পরিস্থিতি এমনই ছিল। এর পরই অঙ্ক পাল্টে দিলেন ডনোভান। চার মিনিট অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই করলেন বাজিমাত। তখন হিসাব পাল্টে গেল। শেষ মিনিটে ইংল্যান্ড একটা গোল খেয়ে বসলে বাদ পড়ে যেত তারাই।শেষ পর্যন্ত ইংল্যান্ড অবশ্য গোল খায়নি। ২৩ মিনিটে করা জার্মেইন ডিফোর গোলটাই পার করে দিয়েছে তাদের প্রথম রাউন্ডের বৈতরণী। টটেনহামের এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে সর্বশেষ গোল পেয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে, প্রতিপক্ষ ছিল এই স্লোভেনিয়াই! ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে ছিলেন, ডিফো গোল করে এবার বিশ্বকাপেও কিছু করে দেখানোর আভাস দিলেন।তবে সবচেয়ে ভালো ফর্মে ছিলেন যিনি, সেই রুনি এখনো গোলবঞ্চিত। ‘মেসি-সিনড্রোম’-এ আক্রান্ত তিনি। কী যে হয়েছে, গোল পাচ্ছেন না। কালও যেমন তাঁর একটা শট গিয়ে লাগল পোস্টে! সেই সঙ্গে ল্যাম্পার্ড-জেরার্ডদের বেশ কিছু প্রচেষ্টা স্লোভেনিয়া গোলরক্ষক প্রতিহত করলে ১-০ ব্যবধানটি আর বাড়েনি।পিছিয়ে থাকার পরও ম্যাচের শেষপ্রান্তে নির্ভার দেখাচ্ছিল স্লোভেনিয়ার খেলোয়াড়দের। তখনো যে হেরেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ছিল তাদের। কিন্তু ডনোভানের গোলটি কেড়ে নিয়েছে তাদের সেই স্বপ্ন।জয়টা না পেলে যুক্তরাষ্ট্রের জন্য সেটি হতো অবিচার। টানা দ্বিতীয় ম্যাচে তাদের আরেকটি গোল বাতিল হয়ে গেছে। একটি শট গিয়ে লেগেছে পোস্টেও। শেষ পর্যন্ত ভাগ্যবিধাতা মুখ তুলে তাকিয়েছেন। টেরি-রুনিদের সঙ্গে ডনোভান-আলটিডোররাও যাচ্ছেন নকআউট পর্বে।যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচটি হয়েছে প্রিটোরিয়ায়, ইংল্যান্ড-স্লোভেনিয়া পোর্ট এলিজাবেথে। কিন্তু ভাগ্য যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছিল ম্যাচ দুটি। ২৩তম মিনিটে ইংল্যান্ড যেখানে গোলের উৎসবে মাতোয়ারা, ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা উত্তর খুঁজছিলেন, ক্লিন্ট ডেম্পসির গোলটি বাতিল হলো কেন। এখানেই শেষ নয়। ৫৭ মিনিটে রুনির শট গিয়ে লাগল পোস্টে। একই সময় পোস্টে ধাক্কা খেয়ে ফিরে এল যুক্তরাষ্ট্রেরও একটি শট।গোলশূন্য ড্র মেনে ততক্ষণে গ্যালারির মার্কিন অংশটার অনেকের চোখেই অশ্রু। কিন্তু শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়তে রাজি নন গত মৌসুমে ধারে এভারটনে খেলে যাওয়া ডনোভান। আলটিডোরের একটা ক্রস খুঁজে নিয়েছিল ডি-বক্সে সুযোগের সন্ধানে ওত পেতে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারটিকেই। ডনোভান জানতেন, এই শটই শেষ সুযোগ। ঠান্ডা মাথায় কাজ সেরেছেন। তৃতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠল ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র।দুটো করে ড্র, একটি জয়—ফলে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড দুই দলেরই পয়েন্ট ৫। গোল ব্যবধানও একই। বেশি গোল করায় গ্রুপ চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্রই।ম্যাচটা দেখতে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এক মিনিট আগে যাঁর মুখে ছিল রাজ্যের অন্ধকার, সেই তিনি ম্যাচ শেষে আনন্দে উদ্ভাসিত। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, নাকি ফুটবল?