ফরাসি টেনিস তারকা এলিজ করনেটের ২১ তম জন্মদিন ছিল আজ। কিন্তু এবারের জন্মদিনটা ভালোমতো উদযাপন করা হলো না করনেটের। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম ফেভারিট কিম ক্লাইস্টার্সের কাছে ৭-৬ (৭-৩), ৬-৩ সেটে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ২১ বছর বয়সী করনেটকে। অন্যদিকে শেষ ষোলোতে পৌঁছে বছরের প্রথম গ্রান্ড স্লাম জেতার সুযোগটা বেশ ভালোমতোই টিকিয়ে রাখলেন ক্লাইস্টার্স।করনেটের বিপক্ষে জয় পেতে অবশ্য বেশ ভালোই কষ্ট করতে হয়েছে ক্লাইস্টার্সকে। প্রথম সেটটা ৭-৬ এ শেষ হওয়ার পর ট্রাইবেকারে তিনি সেটটা জিতেছেন ৭-৩ গেমে। দ্বিতীয় সেটটা জিতেছেন সহজেই। ৬-৩ গেমে। কোর্টে করনেটকে হতাশায় ডোবালেও ম্যাচ শেষে অবশ্য করনেটকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেন নি ক্লাইস্টার্স। বলেছেন, ‘আমি জানি সে জন্মদিনে যেমন ফলাফল আশা করছিল, সেটা পায় নি। কিন্তু জন্মদিন উদযাপনের জন্য এটা খুব একটা খারাপ জায়গা না। আশা করছি সে এটা ভালোমতোই উপভোগ করবে।’ক্লাইস্টার্সের সঙ্গে শেষ ষোলোর টিকিট পেয়েছেন আরেক ফেভারিট ভেরা জভোনারেভা। উত্তেজনাপূর্ণ ম্যাচে লুসি সাফারোভাকে তিনি হারিয়েছেন ৬-৩, ৭-৬ (১১/৯) গেমে। ছেলেদের এককেও কোন অঘটনের শিকার হতে হয় নি ফেভারিটদের। নির্বিঘ্নেই পরের রাউন্ডে পৌঁছেছেন গতবারের ফাইনালিস্ট অ্যান্ডি মারে ও সুইডিশ তারকা রবিন সোডার্লিং। মারে ৬-১,৬-১,৬-২ গেমের সহজ জয় পেয়েছেন স্পেনের গুইলামো গার্সিয়া লোপেজের বিপক্ষে। সোডার্লিং ৬-৩,৬-১,৬-৪ গেমে হারিয়েছেন জান হার্নিচকে। রয়টার্স