শেষ ষোলোতে জোকোভিচ, নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনায়াসেই চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। জোকোভিচ ও মারে দুজনেই কাল তৃতীয় রাউন্ডে কোর্টের অন্য প্রান্তে পেয়েছিলেন অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ। জোকোভিচ ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে হারালেন থানাসি ককিনাকিসকে। নিক কিরিয়সের বিপক্ষে মারের জয় ৬-৪, ৬-২ ও ৬-৩ গেমে। নাদালের জয়টা আরও সহজ। রাশিয়ার আন্দ্রে কুজনেস্তবকে হারিয়েছেন ৬-১, ৬-৩, ৬-২ গেমে। শীর্ষ বাছাই ও বিশ্বের ১ নম্বর পুরুষ খেলোয়াড় জোকোভিচ জিততে সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট। এই জয় টানা ষষ্ঠবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে তুলল জোকোভিচকে। শেষ ষোলোতে জোকোভিচ পাচ্ছেন কেভিন অ্যান্ডারসন কিংবা রিচার্ড গ্যাসকেটকে। নাদালের প্রতিপক্ষ আমেরিকার জ্যাক সক। চতুর্থ রাউন্ডে মারে খেলবেন জেরেমি শার্দির সঙ্গে। মেয়েদের বিভাগে হেরে গেছেন ২০১০ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে। এই ইতালিয়ান হেরেছেন রোমানিয়ার আন্দ্রিয়া মিতুর কাছে। এএফপি।