টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে আরেকটি ধাপ পেরিয়েছেন মারিয়া শারাপোভা। আজ চীনের জেং লিকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন এই রাশিয়ান টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আমেরিকার টেনিস খেলোয়াড় শ্লোয়ানে স্টিফেনসের মুখোমুখি হবেন শারাপোভা।আজ জেং লির বিপক্ষে শুরুটা খুব ভালোভাবেই করেছিলেন মারিয়া শারাপোভা। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই তিনি প্রথম সেটটা জিতে নেন ৬-১ গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর জোর চেষ্টা চালিয়েছিলেন জেং লি। শুরুতেই তিনি এগিয়ে গিয়েছিলেন ৪-১ গেমে। তবে এরপর ৪-৪ গেমে সমতা ফিরিয়ে দারুণভাবে খেলায় ফেরেন শারাপোভা। পরের গেমে আবার এগিয়ে যান জেং লি। তবে এরপর তাঁকে আর কোনো সুযোগ দেননি রাশিয়ার এই তারকা খেলোয়াড়। ৭-৫ গেমের জয় দিয়ে নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ ওপেনের পরবর্তী রাউন্ড।— রয়টার্স