শেষ ষোলোতে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়ার পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল ২-০ গোলে। পরশু অলিম্পিক হাতিভার সঙ্গে কোপা ডেল রের ম্যাচে । এএফপি
অ্যাঙ্গেল ডি মারিয়ার পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল ২-০ গোলে। পরশু অলিম্পিক হাতিভার সঙ্গে কোপা ডেল রের ম্যাচে । এএফপি

নিষেধাজ্ঞা নামতে দেয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। চোটের কারণে ছিলেন না গ্যারেথ বেলও। কিন্তু খেলাটা যখন তৃতীয় বিভাগের দল অলিম্পিক হাতিভার সঙ্গে, তখন তাঁরা না থাকলেই বা কী! রিয়াল মাদ্রিদেরও তাই সমস্যা হয়নি, হাতিভাকে পরশু ২-০ গোলে হারিয়ে তারা উঠে গেছে কোপা ডেল রের শেষ ষোলোতে। দুই দলের প্রথম লেগের খেলা হয়েছিল গোলশূন্য ড্র।
বেল-রোনালদোর অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তি নবীনদের একটু বাজিয়ে দেখেছিলেন। ১৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন সেই নবীনদেরই একজন। রিয়ালের জার্সি গায়ে নিজের প্রথম গোল করেন নবাগত আসিয়ের ইয়ারামেন্দি। এরপর ২৮ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার পেনাল্টি গোলে ব্যবধান হয় দ্বিগুণ।
এরপর অবশ্য আর গোল হয়নি ম্যাচে। আনচেলত্তি সে কারণেই অতটা প্রসন্ন নন, ‘আমি মনে করি শুরুটা আমরা ভালোই করেছিলাম। কিন্তু ২-০ হওয়ার পর আমরা একটু আয়েশি হয়ে পড়ি। দ্বিতীয়ার্ধে একদমই ছন্দ খুঁজে পাইনি। এটা আমার পছন্দ হয়নি।’
নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়ে পড়েছিল পুঁচকে সান্ত আন্দ্রিউর সঙ্গে। পরে অবশ্য দুই গোল করে ঠিকই উঠে গেছে শেষ ষোলোতে। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-১ গোলে।
পরশু সিরি ‘বি’র দল আভেলিনোকে ৩-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে চলে গেছে জুভেন্টাস। আর ফ্রেঞ্চ কাপে বর্তমান চ্যাম্পিয়ন সেঁত এতিয়েনকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে নাপোলি। এডিনসন কাভানি করেছেন জোড়া গোল। এএফপি।