শেষ ষোলোয় ফেদেরার-সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই ফ্রেঞ্চ ওপেনের পিছু নিয়েছে বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া। আগের দিনের ম্যাচ পরিত্যক্ত হয়ে পরের দিনে গড়ানোয় জট পাকাচ্ছে সূচিটা। কেড়ে নিচ্ছে উত্তেজনাও। বৃষ্টির সুবাদেই কাল ষষ্ঠ দিনটি এল বাড়তি রোমাঞ্চ নিয়ে। পুরুষ এককের দ্বিতীয় বাছাই রজার ফেদেরার, তৃতীয় বাছাই রাফায়েল নাদাল এবং মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা—চার শিরোপাপ্রত্যাশী মিলে গেলেন এক স্রোতে। কালই জয়োৎসব করেছেন চারজন।গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের এই পর্যায়ে শীর্ষ তারকাদের এভাবে একই দিনে কোর্টে নামাটা বিরল। তবে একই দিনে জিতলেও সেই জয়ে একটু পার্থক্য আছে। ফেদেরার ও সেরেনা তৃতীয় রাউন্ড জিতে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। নাদাল, শারাপোভার জয়টা দ্বিতীয় থেকে তৃতীয় রাউন্ডে ওঠার পথে। চতুর্থ রাউন্ডে ওঠার পথে ফেদেরার কাল হারিয়েছেন ফ্রান্সের জুলিয়েন বেনেতোকে। ৬-৩, ৬-৪, ৭-৫ গেমের জয়টা ফ্রেঞ্চ ওপেনে তাঁর ৫৭তম জয়। আর একটা ম্যাচ জিতলেই ‘সুইস এক্সপ্রেস’ ছুঁয়ে ফেলবেন রোলাঁ গারোঁতে গিলের্মো ভিলাস ও নিকোলা পিয়েত্রাঙ্গেলির সর্বোচ্চ ৫৮টি করে জয়ের রেকর্ড।

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে ছুটে চলা সেরেনা ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন রোমানিয়ার সোরানা সারস্তেয়াকে। নাদাল, শারাপোভার ম্যাচ ছিল আগের দিন। কিন্তু বৃষ্টির কারণে না হওয়ায় খেলতে হয়েছে কাল। কানাডার ইউজিন বুশার্ডের বিপক্ষে শারাপোভা জিতেছেন ৬-২, ৬-৪ গেমে। জার্মানির ড্যানিয়েল ব্র্যান্ডসকে নাদাল হারিয়েছেন ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে। এএফপি।