হল্যান্ড প্রথমে গোল করার পরই কি নিশ্চিত হয়ে গেল জাপানের পরাজয়? শুধু হল্যান্ড নয়, এরপর যে জাপানের প্রতিপক্ষ হয়ে গেল ইতিহাসও! আগে গোল হজম করে বিশ্বকাপে কখনো ম্যাচ জিততে পারেনি জাপান, পারল না কালও। ৫৩ মিনিটে ওয়েসলি স্নাইডারের করা একমাত্র গোলে ‘ব্লু সামুরাই’দের হারিয়ে দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিতই করে ফেলল হল্যান্ড। জাপান অবশ্য কাল ম্যাচের আগেও জানত, জিততে হলে নতুন করে লিখতে হবে ইতিহাস। হল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে কখনোই জিততে পারেনি কোনো এশিয়ান দল। ব্যর্থদের তালিকায় এবার যুক্ত হলো জাপানের নামও। অবশ্য প্রথম ম্যাচের মতো হল্যান্ডের কালকের জয়েও পরশ ছিল সৌভাগ্যের। ডেনমার্কের বিপক্ষে হল্যান্ডের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি ছিল আত্মঘাতী, কালকের গোলটি এল গোলরক্ষকের ভুলে। বক্সের ভেতর বল পেয়ে শট নেওয়ার মতো জায়গা পাচ্ছিলেন না রবিন ফন পার্সি, আলতো টোকায় বক্সের বাইরে পাস দেন দূর থেকে গোল করায় ‘স্পেশালিস্ট’ স্নাইডারকে। ইন্টার মিলান মিডফিল্ডারের ২০ গজ দূর থেকে নেওয়া কিক ফিস্ট করতে চেয়েছিলেন জাপান গোলরক্ষক ইজি কাওয়াশিমা, কিন্তু হাতে লেগে ঢুকে যায় জালে।এই গোলটির আগে চার মিনিটে চারটি আক্রমণ করেছিল হল্যান্ড, কিন্তু চারবারই হেডে তা ব্যর্থ করে দেন জাপানের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ডিফেন্ডার মার্কাস তুলিও তানাকা। শুধু এই চারটি আক্রমণ ফেরানোয় নয়, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দুটি আত্মঘাতী গোল করেও দ্রগবার হাত ভেঙে আলোচনায় আসা তানাকা কাল পুরো ম্যাচেই ছিলেন জাপানের সেরা খেলোয়াড়। ৬৪ মিনিটে দায়সুইকে মাতসুইয়ের বদলি হিসেবে অভিজ্ঞ সানসুকে নাকামুরা মাঠে নামার পর বেশ কিছু আক্রমণ চালিয়েছিল জাপানও। তবে বরাবরের মতোই শেষ কাজটুকু করার মতো কেউ ছিলেন না জাপানের আক্রমণভাগে। ইতিহাস বলছে, আক্রমণভাগটাই জাপানের সবচেয়ে বড় সমস্যা, বিশ্বকাপে তাঁদের শেষ সাত গোলের ছয়টিই করেছেন মিডফিল্ডাররা।ম্যাচের প্রথমার্ধ ছিল পুরোটাই নিষ্প্রাণ। ৬৯ শতাংশ বল দখলে রেখেছিল হল্যান্ড, কিন্তু বলার মতো একটি সুযোগও সৃষ্টি করতে পারেনি। জাপানের তো যেন আক্রমণের প্রতি উত্সাহই ছিল না! মাঝমাঠে এলোমেলো খেলেছে দুই দলই, খেই হারিয়ে ফেলেছে প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে মরিয়া হল্যান্ডের একের পর এক আক্রমণ খেলায় প্রাণ ফিরিয়ে আনে। পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছে জাপানও।ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় অংশটুকু ছিল শেষ ৫ মিনিট। দুই দলের দুই বদলি ইব্রাহিম আফিলে ও সিনজি ওকাজাকি নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে এই সময়টুকুর ভেতর ম্যাচের ফলাফল ওলট-পালটও করে দিতে পারতেন। ৮২ মিনিটে স্নাইডারের বদলি হিসেবে মাঠে নামার পর দুটি পরিষ্কার সহজ সুযোগ হাতছাড়া করেছেন আফিলে, একবার জাপানকে বাঁচিয়েছেন গোলকিপার কাওয়াশিমা, আরেকবার তানাকা। শেষ মিনিটে জাপানকে সমতায় ফেরানোর সেরা সুযোগটি পেয়েছিলেন ওকাজাকি, বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর শট উড়ে যায় বারের ওপর দিয়ে। সেই সঙ্গে উড়ে যায় জাপানের আশাও।