একটা চালু কথা হলো, আসল বিশ্বকাপ শুরু হয় দ্বিতীয় রাউন্ড বা শেষ ষোলোর পর্ব থেকে। তখন বালকদের থেকে পুরুষদের খেলাকে আলাদা করে চেনা যায়। এর অর্থ হচ্ছে, প্রথম রাউন্ডে বিদায় নেওয়া দলগুলো ছিল বালকদের দল! হ্যাঁ, বিদায় নেওয়া ইতালি আর ফ্রান্সও নিশ্চয়ই বালকদের দলই ছিল। তা না হলে, যে ক্যানাভারোর দাপটে ইতালি ২০০৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সে ক্যানাভারো এবার স্লোভাকিয়ার সঙ্গে জীবন-মরণ ম্যাচে বালকের মতো ভুল পাস দেবেন কেন! সে তুলনায় এশিয়ার দুটি দল জাপান ও দক্ষিণ কোরিয়া নিজেদের পুরুষের দল হিসেবে প্রমাণ করল। ডেনমার্কের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে জাপানের খেলা দেখে মনে হচ্ছিল, খেলা নয়, যেন স্বপ্ন দেখছি। দুটো ফ্রি-কিক থেকে কেইসুকে হোন্ডা (১৫ মিনিট) আর ইয়াসুহিতো এন্ডো (৩০ মিনিট) এত সুন্দর দুটি গোল করলেন যে মনে হলো, জাপান শুধু শেষ ষোলোতে গেল, তা নয়, সে পর্বে সান্তা ক্রুজের দল প্যারাগুয়েকেও নাকানিচুবানি খাওয়াবে। বলা বাহুল্য, মেসির পরে হোন্ডাই আমার কাছে প্রিয় ফরোয়ার্ড হয়ে উঠেছেন।দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ এশিয়ার খেলা পড়ল উরুগুয়ের সঙ্গে। দুর্দান্ত ফর্মে আছেন উরুগুয়ের স্ট্রাইকার ফোরলান ও সুয়েরেজ। আমাদের ফুটবল-গুরু কাজী সালাউদ্দিন ২৩ জুন প্রথম আলোয় লিখেছিলেন, ২১ জুন পর্যন্ত তিনি খেলা যা দেখেছেন, তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দূর থেকে শট নিয়ে করা ফোরলানের প্রথম গোলটাই টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোল।সে যা-ই হোক, দক্ষিণ কোরিয়া এবং জাপান শেষ ষোলোতে পৌঁছানোয় ফিফার ফুটবলকে বিশ্বব্যাপী একই মানে উন্নীত করার লক্ষ্য খানিকটা পূরণ হলো। পুরোটাই পূরণ হতো যদি আফ্রিকার ছয়টি দেশের মধ্যে মাত্র একটি (ঘানা) না হয়ে আরও দুই-একটি দেশ শেষ ষোলোতে যেতে পারত। এশিয়ার সাফল্যের বিপরীতে আফ্রিকার অনুজ্জ্বল প্রদর্শনী নিশ্চয়ই ফিফাকে ভাবনায় ফেলেছে। কারণ ’৮২-এর আলজেরিয়া, ’৯০-এর ক্যামেরুন, ’৯৪-এর নাইজেরিয়া কিংবা ’৯৮-এর সেনেগালের মতো দুর্দম সিংহসুলভ শক্তি ও নৈপুণ্য এবার আফ্রিকার কোনো দলের মধ্যে দেখা গেল না। এমনকি স্বনামখ্যাত দিদিয়ের দ্রগবার দল কোত দি ভোয়া বা আইভরিকোস্টের খেলায়ও তেমন কিছু ছিল না। আফ্রিকার ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হলো যখন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নিজেই প্রথম রাউন্ডে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ল। বিশ্বকাপের ইতিহাসে কোনো স্বাগতিক দলের দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারার নজির এ প্রথম।আফ্রিকার দেশগুলোসহ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যর্থতা আরেকটি পুরোনো প্রশ্নকে সামনে নিয়ে এল। সেটি হলো কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে বিতর্ক। প্রথমে বিশ্বকাপ অনুষ্ঠিত হতো ১৬টি দল নিয়ে। ’৮২-এর স্পেনের বিশ্বকাপ থেকে একে ২৪টি দলে উন্নীত করা হয়। এর পর ’৯৪-এ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বর্তমানের ৩২-এ ঠিক করা হয়। ফিফা এ কাজটি করতে বাধ্য হয় মূলত বিশ্বব্যাপী ফুটবলের জনপ্রিয়তাকে একটি প্রতিযোগিতামূলক কাঠামোয় নিয়ে আসতে। ঠিক যেমন ক্রিকেটের জনপ্রিয়তাকে বাড়ানোর জন্য আইসিসি বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস বা হল্যান্ড ও আফগানিস্তাকে ওডিআই স্ট্যাটাস দিয়েছে।বিশ্বকাপ যখন ১৬টি দল নিয়ে খেলা হতো তখন ধরে নেওয়া হতো, মোটামুটি প্রতিযোগিতা হবে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে। ১৬ থেকে বাড়িয়ে ২৪ করার সময় নামকরা ইংরেজ ক্রীড়া সাংবাদিক ও ঔপন্যাসিক ব্রায়ান গ্ল্যানভিল এ নীতির বিরুদ্ধে লিখে ঝড় তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ফুটবলকে বিশ্বময় প্রতিযোগিতামূলক করতে গিয়ে ফিফা ফুটবল-বিশ্বকে অঞ্চলভিত্তিক করে ফেলতে বাধ্য হয়। ফলে ফুটবলের মান না বেড়ে কমে যাবে এবং পরিণামে বিশ্বকাপ আকর্ষণহীন হয়ে উঠবে। গ্ল্যানভিল যুক্তি দিলেন, পুরো ২৪টি দেশই ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা থেকে নেওয়া যেতে পারে, কেননা অঞ্চলভিত্তিক বাছাইয়ের কারণে আফ্রিকা এবং এশিয়া থেকে এমন এমন দল বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করছে, যাদের জাতীয় দল ইউরোপের ‘বি’ ডিভিশনের ক্লাব দলগুলোর কাছেও শোচনীয়ভাবে হারবে।বলা বাহুল্য, ফুটবলের গণতান্ত্রিক চাপের কাছে গ্ল্যানভিলের আভিজাত্যের ধুয়া টেকেনি এবং ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন শ্বেতাঙ্গ দেশের জাতীয় দলগুলোয় আফ্রিকার বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বিপুল সমাহার দেখে মনে হচ্ছে, ফুটবলে ইউরোপের প্রাধান্য কমছে। দেখা যাচ্ছে, এবারের শেষ ষোলোতে ইউরোপের মাত্র ছয়টি দেশ।তাই গ্ল্যানভিল এবং তাঁর মতের অনুসারীদের বিপক্ষেই যাচ্ছে বিশ্ব ফুটবলের গতিধারা। বিভিন্ন অঞ্চল থেকে উন্নত ফুটবল খেলে এমন দেশের সংখ্যা ভবিষ্যতে বাড়বে বৈ কমবে না। এ যুক্তির সম্প্রসারণ হিসেবে আশা করা যায়, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশও এক দিন বিশ্বকাপে খেলবে।