শেষ ষোলোয় নাদাল-ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার খেলায় আমি খুশি। সত্যিই চমৎকার এক ম্যাচ খেললাম। আমার যে অভিজ্ঞতা, তাতে আজকের দিনটি ছিল দারুণ’—ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে গড়গড় করে কথাগুলো বলে গেলেন তিনি। ভাবছেন বিজয়ীর কথা? ভুল! কাল রড লেভার অ্যারেনায় দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন খানিক আগেই হেরে আসা বার্নার্ড টমিচ। হেরেও এমন তৃপ্তিতে আচ্ছন্ন কেন তিনি? প্রতিপক্ষ যে ছিলেন রাফায়েল নাদাল।বিশ্বের এক নম্বর তারকার সঙ্গে লড়াই-ই তো ১৯৯তম র‌্যাঙ্কধারী টমিচের জন্য জয়ের সমান! নেটের ওপ্রান্তে দাঁড়িয়ে নাদালের সঙ্গে জমিয়ে লড়াই করতে পেরেই খুশি টমিচ। নাদালের বিপক্ষে এই সাফল্যে অস্ট্রেলিয়ার এই উদীয়মান তরুণ ঠিক করে ফেলেছেন লক্ষ্য, এই বছরের শেষে পৌঁছাতে হবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-তে। তৃতীয় রাউন্ডে ৬-২, ৭-৫, ৬-৩ গেমে জিতে নাদাল ‘রাফা স্লামের’ পথে এগিয়েছেন আরেক ধাপ।নাদালের সঙ্গে কাল শেষ ষোলোতে নাম তুলেছেন অ্যান্ডি মারে, রবিন সোদারলিং, ডেভিড ফেরার, ভেরা জনারেভা, কিম ক্লাইস্টার্সরাও। অব্যাহত আছে অঘটনও। দশম বাছাই মিখাইল ইয়ুঝনিকে (৬-৪, ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে) হারিয়ে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন কানাডার মিলোস রায়োনিচ। এই প্রথম শীর্ষ দশের কোনো তারকাকে হারালেন রায়োনিচ।ইউক্রেনের অবাছাই অ্যালেক্সান্দ্র দলগোপোলোভের কাছে ৬-৩, ৩-৬, ৬-৩, ১-৬, ১-৬ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ত্রয়োদশ বাছাই ২০০৮ সালের ফাইনালিস্ট জো-উইলফ্রায়েড সোঙ্গা। কাকতালীয়ভাবে মহিলা এককেও কাল অবাছাই এক খেলোয়াড়ের কাছে হেরেই বিদায়ঘণ্টা বেজেছে ত্রয়োদশ বাছাই নাদিয়া পেত্রোভার। রুশ তারকাকে ৬-২, ৩-৬, ৮-৬ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে তাঁরই স্বদেশি ইকাতেরিনা মাকারোভা। আহত হয়ে মার্কোস বাগদাতিস নিয়েছেন স্বেচ্ছা অবসর।২১তম জন্মদিনের সেরা উপহার হতে পারত জয়। কিন্তু প্রতিপক্ষ যে ছিলেন কিম ক্লাইস্টার্স। জন্মদিনের আনন্দে উজ্জীবিত হয়েও তাই জয় পাননি ফরাসি মেয়ে অ্যালিজে কর্নেট। ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে জিতে শেষ ষোলোতে ক্লাইস্টার্স। চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে দ্বিতীয় বাছাই ভেরা জনারেভাও পেয়েছেন কষ্টার্জিত জয়—৬-৩, ৭-৬ (১১-৯) গেমে। এএফপি।