শেষ সময়ে পাকিস্তানের ‘না’
ক্রীড়া প্রতিবেদকঈদের এক দিন পর সবার খোশমেজাজেই থাকার কথা। ফুটবলাররা ছিলেন সেভাবেই। উপলক্ষও যোগ হলো একটি। এই প্রথম বাংলাদেশের ফুটবল পেল একজন বিদেশি গোলরক্ষক কোচ। শেষ মুহূর্তে জ্যাক ম্যাঙ্গালি ‘না’ করায় বিকল্প হিসেবে তাঁর চেয়েও অভিজ্ঞ কিস কাল্ক গতকাল ঢাকা এসে অনুশীলনে যোগ দিয়েছেন। তাঁকে নিয়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফে এখন চারজন ডাচ। এসব নিয়েই কাল যখন সবাই কথা বলছেন, তখনই বাংলাদেশের ফুটবল পেল মন খারাপ হওয়ার মতো একটা খবর। প্রীতি ম্যাচ খেলতে পাকিস্তান ঢাকায় আসছে না! বাফুফে একটু বিব্রত। পাকিস্তান দল না আসা মানে সাফের আগে বিদেশি কোনো দলের সঙ্গে কোনো অনুশীলন ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। গত পরশু পাকিস্তান ফুটবল ফেডারেশন বাফুফেকে জানিয়েছে খবরটা। বাফুফে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের না আসার ব্যাপারটা ‘অনিবার্য কারণ’ বললেও জানা গেছে, পাকিস্তান ই-মেইল বার্তায় বাংলাদেশের ‘রাজনৈতিক অস্থিরতা’কে সফর বাতিলের কারণ হিসেবে দেখিয়েছে। কাল থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। হরতালের কারণেই পাকিস্তান পিছটান দিয়েছে।এক দিন এগিয়ে ৩১ আগস্ট কাঠমান্ডুতে শুরু অষ্টম সাফ ফুটবলে বাংলাদেশ ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। তাই সাফের আগে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে অস্বস্তি বোধ করছিলেন বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ। তার পরও প্রতিপক্ষ যে-ই হোক, একটা বিদেশি দলের সঙ্গে খেলা তো যেত। এ কারণে পাকিস্তান দুটি ম্যাচ খেলতে চাইলেও শুধু ১৬ আগস্ট জাতীয় দলের বিপক্ষে খেলতে রাজি হন ডি ক্রুইফ। আজ ঢাকায় এসে আগামীকাল পাকিস্তানের প্রথম ম্যাচটা খেলার কথা ছিল বাফুফে নির্বাচিত একাদশের সঙ্গে।কিন্তু এখন পাকিস্তান না আসায় বাফুফে চাইছে ঢাকায় একটা ‘মিশ্র দল’ দল তৈরি করে জাতীয় দলকে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ দিতে। জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ জানাচ্ছেন, ‘ঢাকায় ভালো আফ্রিকান এবং আমাদের স্থানীয় কিছু ভালো খেলোয়াড় নিয়ে একটা দল তৈরি করতে চাইছি। ২০ ও ২৩ আগস্ট ওই দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে।’সাফের প্রস্তুতিতে এবার কোনো ঘাটতি রাখতে চাইছে না বাফুফে। কোচ ডি ক্রুইফ যা চাইছেন, সবই দেওয়া হচ্ছে। অতীতে এতটা আটঘাট বেঁধে বাংলাদেশ দল কোনো টুর্নামেন্টে যায়নি। এর মধ্যেই পাকিস্তানের না আসাটা শেষ দিকে একটু ছন্দ কেটে দিয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এর কোনো সমাধানও দেখছেন না, ‘এখন অনুশীলন ম্যাচ খেলতে দল বাইরে পাঠানো বা বাইরের দল আনার সময় বা সুযোগ কোনোটিই নেই।’থাইল্যান্ডের একটি ক্লাব ও সে দেশের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলে দিন কয়েক আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিদেশি দলের বিপক্ষে আরও দু-একটা ম্যাচ খেলতে পারলে ভালো হতো। কী আর করা, বাকি কদিন দলের অনুশীলনের ওপরই বেশি নজর দিতে চায় বাফুফে। অনুশীলনে সর্বশেষ সংযোজন ডাচ গোলরক্ষক কোচ।বাফুফের টার্ফে অনুশীলন শেষে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বলছিলেন, ‘নতুন অনেক কিছুই দেখালেন তিনি আজ। আমরা অনেক কিছু উল্টো করি। আমরা অনেক সময় বল পেয়ে লক্ষ্যহীনভাবে দূরে মারি। খেলোয়াড় ঠিকভাবে দেখি না।’ কোচের কথা হলো, ডিফেন্সের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। পজিশন জ্ঞানটা ভালো হওয়া চাই।’অনেক দেরিতে হলেও বাংলাদেশের ফুটবলের একটা বৃত্ত পূরণ হলো। শক্তিশালী কোচিং স্টাফ নিয়ে এবার সাফ জয়ের চ্যালেঞ্জটাও কিন্তু বেড়ে গেল।