শেষ সিঁড়িটাও পেরোতে চান মেসি

আর মাত্র একটা ম্যাচ। তার পরই জানা যাবে পরম আরাধ্য বিশ্বচ্যাম্পিয়নের শিরোপাটা লিওনেল মেসির হাতে উঠছে কি না। ওই একটা ট্রফিই যে এখনো বাকি আছে ফুটবল জাদুকরের হাতে ওঠার। সর্বকালের সেরাদের একজন হওয়ার পথেও পাড়ি দিতে হবে আর একটাই মাইলফলক, বিশ্বকাপ জয়।
মেসিও তা-ই ভাবছেন হয়তো। হল্যান্ডকে হারানোর ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, শিরোপা থেকে মাত্র এক কদম দূরে আছেন। লিখেছেন, ‘আমাদের আর মাত্র এক পা এগোনো বাকি আছে।’
মেসি-ম্যাজিকেই এতটা পথ পাড়ি দিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের মতো নকআউটে নিজের সামর্থ্য অনুযায়ী জ্বলে উঠতে না পারলেও দৃঢ় চিত্তে নেতৃত্ব দিয়েছেন দলকে। ন্যু ক্যাম্পে ছয়বার লা লিগা ও তিনবার চ্যাম্পিয়ন্স লিগসহ সব রকম শিরোপাই অন্তত একবার ছুঁয়ে আসা মেসির হাতে ধরা দেয়নি শুধুই স্বপ্নের বিশ্বকাপ। কিন্তু সর্বকালের সেরাদের তালিকায় ঢুকতে যে ওই সোনার হরিণের দেখা একবার পেতেই হয়। পেলে, ম্যারাডোনা কিংবা জিনেদিন জিদান ইতিহাসে শিরোপাজয়ীরাই পেয়েছেন কাঙ্ক্ষিত অমরত্ব।
কাল মেসি যখন মাঠে নামবেন, মাঠের সীমানার ঠিক পাশেই শোভিত থাকবে সোনার ট্রফি। অন্যভাবে বললে, অমরত্বের চাবিটাই যেন ঠিক সামনে রেখে খেলবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।