শেষ সুযোগ ক্লোসার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। তার আগে বেলো হরিজন্তের বেস ক্যাম্পে জার্মা​নির শেষ প্রস্তুতি l রয়টার্স
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। তার আগে বেলো হরিজন্তের বেস ক্যাম্পে জার্মা​নির শেষ প্রস্তুতি l রয়টার্স
ক্লোসার
ক্লোসার

ঘানার সঙ্গে ম্যাচটা তখন ২-১ গোলে পিছিয়ে জার্মানি। সমতায় ফেরানোর চেষ্টা করে যাচ্ছে লোর দল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শেষ চেষ্টা হিসেবে মারিও গোটশেকে উঠিয়ে পুরোনো যোদ্ধা মিরোস্লাভ ক্লোসাকে নামালেন জার্মান কোচ।
দুই মিনিট। কোচকে স্বস্তি এনে দিতে মাত্র দুই মিনিট লাগল ক্লোসার। টনি ক্রুসের কর্নার বেনেডিক্ট হুভেডেসের মাথায় লেগে ছুটছিল ঘানার গোলপোস্টের বাঁদিকে। ক্লোসা দাঁড়িয়েই ছিলেন। এ সময় কী করতে হয় সেটা তাঁর চেয়ে ভালো আর কে জানে! আলতো টোকায় ঠেলে দিলেন ঘানার জালে। এরপর সেই চিরচেনা দৃশ্য।
এক ছুটে অনেক দূর এগিয়ে গিয়ে হাওয়ায় উল্টো ডিগবাজি।
৩৬ বছর বয়সটা হার মানল। বিশ্বকাপে ১৪ গোল করা জার্ড মুলার পেছনে পড়ে গেলেন। ১৫ গোল করা রোনালদো দ্য ফেনোমেনন পাশে চলে এলেন।
আর তিনি কিনা সেসব কথা বাদ দিয়ে ম্যাচ শেষে প্রথম কথাটাই বললেন, আজ ডিগবাজির ল্যান্ডিংটা ভালো হয়নি!
কে বলবে এই লোকটা এক অসামান্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে। আর একটা গোল করলেই তিনি হবেন এককভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। গলায় সেই উত্তেজনার লেশমাত্র নেই!
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে গোল করে পেছনে ফেলে দিয়েছিলেন এত দিন জার্মানির সর্বোচ্চ গোলদাতা দ্য বোম্বার জার্ড মুলারকে (৬৮ গোল)। ঘানার বিপক্ষে ওই গোলে ব্যবধান আরেকটু বাড়িয়েছেন ক্লোসা (৭০ গোল)।
অথচ কত কিছু ছিল তাঁর বিপক্ষে! বয়স সায় দিচ্ছে না। দেখতে দেখতে ৩৬টি বসন্ত চলে গেছে। ২৩ জনের চূড়ান্ত দলে তাঁকে দেখে গুঞ্জন উঠেছিল, এখন কি আর ওঁর সেই আগের ধার আছে! দলে থাকলেন বটে, তবে মুলার-শুরলে-পোডলস্কি-ওজিলদের ভিড়ে আদৌ মাঠে নামার সুযোগ হবে কি না, সেটা নিয়েও ঘোর অনিশ্চয়তা। শুধু রসিকতা করে রোনালদো বলেছিলেন, ব্রাজিলে ক্লোসাকে স্বাগত জানাবেন না তিনি। কে জানে হয়তো বুঝতে পেরেছিলেন, সুযোগ পেলে তাঁর রেকর্ড কেড়ে নেবেন জার্মান স্ট্রাইকার।
ঘানার বিপক্ষে মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোলটা করে একসঙ্গে অনেক প্রশ্নের জবাব দিলেন ক্লোসা। ফলাফল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরের ম্যাচে আরেকটু বেশি সময় খেলার সুযোগ। এবার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই, পোডলস্কির বদলি হিসেবে। আর ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তো ছিলেন একাদশেই। পরের দুটি ম্যাচে আর গোল পাননি। স্বভাবতই চোখটা আজ ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে। ক্লোসাকে কি আর একটা সুযোগ দেবেন জোয়াকিম লো? রোনালদোর রেকর্ডটা কি ব্রাজিলের বিপক্ষেই ছাড়িয়ে যেতে পারবেন জার্মান স্ট্রাইকার?