শেষ সুযোগটা কাজে লাগাতে চান হেইঙ্কেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুপ হেইঙ্কেস
ইয়ুপ হেইঙ্কেস

এবারের মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন ইয়ুপ হেইঙ্কেস। হয়তো পেশাদারি কোচিং ক্যারিয়ারেরও ইতি টানতে পারেন তিনি। ক্যারিয়ারের শেষপর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জনের মোক্ষম সুযোগটি তাই কোনোমতেই হাতছাড়া করতে চান না হেইঙ্কেস। বায়ার্ন মিউনিখের ট্রফি কেসে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা যোগ করেই বিদায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ৬৮ বছর বয়সী এই জার্মান কোচ।
কোচ হিসেবে এর আগেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে ইয়ুপ হেইঙ্কেসের। তবে সেটা ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে। ১৯৯৭-৯৮ মৌসুমে তাঁর তত্ত্বাবধানেই ইউরোপসেরার মুকুট পরেছিল রিয়াল মাদ্রিদ। এরপর বায়ার্ন মিউনিখের হয়েও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের মোক্ষম দুটি সুযোগ এসেছিল তাঁর সামনে। ১৯৮৭ সালে প্রথমবারের মতো বায়ার্নের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই দলকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু সেবার পোর্তোর কাছে হেরে শিরোপাবঞ্চিত থাকতে হয়েছিল বাভারিয়ানদের। এরপর দ্বিতীয় দফায় বায়ার্নের কোচের দায়িত্ব নেওয়ার পরও সফলতার খুব কাছাকাছি গিয়েছিলেন হেইঙ্কেস। কিন্তু গত মৌসুমের ফাইনালে তাঁর শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাত্ করে দিয়েছিল চেলসি। এবার তৃতীয়বারের সুযোগটা তাই কোনোমতেই বিফলে যেতে দিতে চাইছেন না এই জার্মান কোচ। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘কোচ হিসেবে বুন্দেসলিগায় আমার শেষ ম্যাচটি ছিল গত শনিবার। আর চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে নেওয়ার শেষ সুযোগটা পাব আগামীকাল (আজ)। আমি সব সময়ই ইতিবাচকভাবে চিন্তা করার চেষ্টা করি। আমি জানি, আমার দল কী অর্জন করতে পারে। আমি সব সময়ই ভেবেছি, আমরা এই শিরোপাটা জিততে পারি। আমাদের দল খুবই দুর্দান্ত। যদি একটা সমন্বিত দল হিসেবে খেলতে পারি, তাহলে ফাইনালে আমরাই জয়ী হব।’

শুধু চ্যাম্পিয়নস লিগের শিরোপাই নয়, ইয়ুপ হেইঙ্কেসের সামনে আছে ইতিহাস গড়ার হাতছানি। আজ ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে শেষ হাসিটা হাসতে পারলে হয়তো বায়ার্ন মিউনিখের প্রথম ট্রেবলজয়ী দলের কোচ হিসেবেও লেখা থাকবে তাঁর নাম। ইতিমধ্যে জার্মান লিগের শিরোপা নিশ্চিত করে সেই পথে একধাপ এগিয়েই আছেন হেইঙ্কেস। জার্মান কাপের ফাইনালে মধ্যম সারির ক্লাব স্টুটগার্টের বিপক্ষে জয় পেতেও হয়তো খুব বেশি কষ্ট হবে না বায়ার্ন মিউনিখকে। এখন ট্রেবল জয়ের ইতিহাস গড়ার পথে প্রধান বাধা বরুসিয়া ডর্টমুন্ড। আজ ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা হাতে নিতে পারলেই ট্রেবল জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবে বায়ার্ন মিউনিখ। রয়টার্স।