শেষ সুযোগটা চান ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক ক্যালিস
জ্যাক ক্যালিস

১৯৯২ সালে তাঁর বয়স ছিল ১৭। দলে না থাকলেও তাই বৃষ্টি আইনের খাঁড়ায় কাটা পড়ে অদ্ভুতভাবে দক্ষিণ আফ্রিকানদের বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের বেদনাটা ছুঁয়ে গিয়েছিল জ্যাক ক্যালিসকেও। এরপরের পাঁচটি বিশ্বকাপে তো দলের একজন হিসেবেই পুড়েছেন বারবার উদ্ভটভাবে স্বপ্নভঙ্গের যন্ত্রণায়। তবে কি বিশ্বকাপ জিততে না-পারার আক্ষেপ নিয়েই শেষ হবে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার? ক্যালিস শেষ চেষ্টাটা করে দেখতে চান ২০১৫ বিশ্বকাপে। আজন্ম স্বপ্নপূরণের আশায় ক্যালিস আবার ওয়ানডে ক্রিকেটে ফিরতে তৈরি।
৩২১টি ওয়ানডের সর্বশেষটি ক্যালিস খেলেছেন ২০১২ সালের ২৯ ফ্রেব্রুয়ারি, নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে। টেস্ট আর আইপিএল ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার আশায় এরপরই ওয়ানডে থেকে সরিয়ে নেন নিজেকে। কিন্তু ক্যালিস কাল নিজেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলার ইচ্ছাটা জানিয়ে দিয়েছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) প্রকাশিত এক বিবৃতিতে ক্যালিস বলেছেন, ‘দেশের হয়ে খেলাটা সব সময়ই বিশাল সম্মান ও গর্বের। ২০১৫ বিশ্বকাপে খেলার আকাঙ্ক্ষাটা আমার রয়েই গেছে এখনো।’
বয়স হয়ে গেছে। বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৯। চোটও যেন সখ্য পাতিয়েছে। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজেই চোট পেয়েছেন ক্যালিস। ব্যাপারটা বুঝতে পারছেন বলে ক্যালিস এগোতে চান ধীরে ধীরে, ‘আমাকে মৌসুম ধরে ধরে ভবিষ্যৎ ঠিক করতে হবে। তবে এ মুহূর্তে মানসিক ও শারীরিকভাবে আমি সতেজ বোধ করছি। যত বেশি দিন সম্ভব আমি দেশের হয়ে খেলতে চাই।’
টেস্ট ক্যারিয়ারের কথা ভেবে দক্ষিণ আফ্রিকার তখনকার কোচ গ্যারি কারস্টেনও চেয়েছিলেন, ক্যালিস ওয়ানডে থেকে দূরে থাকুন। তবে কারস্টেন এটাও বলেছিলেন, তাঁর জন্য দলের দরজা সব সময়ই খোলা। বড় টুর্নামেন্টে খেলতে চাইলে তাঁকে ঠিকই ফিরিয়ে আনা হবে দলে। সেই কারস্টেন চাকরি ছেড়ে দিয়েছেন। তাঁর উত্তরসূরি রাসেল ডমিঙ্গোর কথা, বিশ্বকাপ খেলতে চাইলে তার আগে ক্যালিসকে পর্যাপ্ত ওয়ানডে খেলতে হবে। ডমিঙ্গো নিশ্চিত করেছেন, আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যালিসকে দলে নেওয়া হবে না। নেওয়া হতে পারে বছর শেষ দিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে, ‘এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত আমরা ৩০টির মতো ওয়ানডে খেলব। প্রতিটি ম্যাচেই জ্যাককে পাব, এই আশা আমরা করতে পারি না। যদি আমরা তা করি, তাহলে তার ক্যারিয়ারটাকে সংক্ষিপ্ত করে ফেলা হবে। আমরা তা চাই না।’ রয়টার্স।