শেষ হচ্ছে অপেক্ষার কাল
গত তিনটি মাস নিশ্চয়ই হা-হুতাশ করেই কাটিয়েছেন ফুটবলপ্রেমীরা। যা দিয়ে সারাটা বছর ফুটবল বিশ্ব সরগরম থাকে, সেই ইউরোপিয়ান ক্লাব ফুটবল কাটাল প্রাক-মৌসুম বিরতি। এর মধ্যে প্রিয় তারকাদের মাঝেমধ্যে প্রীতি ম্যাচে দেখা গেলেও তা দিয়ে মন ভরেনি ফুটবলের অন্ধভক্তদের। তবে আক্ষেপের কাল আর খুব বেশি দীর্ঘায়িত হবে না। এই মাস থেকেই পুরোদমে শুরু হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। জার্মানির বুন্দেসলিগা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ কমিউনিটি শিল্ড শিরোপা জয়ের লড়াইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আরও একটি ইংলিশ মৌসুম।
প্রতিটি ইংলিশ মৌসুমের পর্দা ওঠে কমিউনিটি শিল্ডের মধ্য দিয়ে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয় গত মৌসুমের এফএ কাপ ও প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী দুই দল। সেই হিসেবে এবার কমিউনিটি শিল্ড জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে এফএ কাপজয়ী উইগান অ্যাথলেটিক ও প্রিমিয়ার লিগজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম শিরোপাটি জিততে পারলে প্রিমিয়ার লিগটা বেশ আত্মবিশ্বাস নিয়েই শুরু করতে পারবে গতবারের শিরোপাজয়ীরা। প্রতিপক্ষ উইগান অ্যাথলেটিক অবশ্য এবার অংশই নিতে পারছে না ইংলিশ প্রিমিয়ার লিগে। এফএ কাপ-জয়ীরা যে এবার অবনমনের ফাঁদে পড়ে নেমে গেছে নিচের সারিতে।
১৭ আগস্ট মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসর। প্রথম দিনই মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, এভারটনের মতো শিরোপা প্রত্যাশী দলগুলো। ম্যানচেস্টার সিটি মাঠে নামবে ১৯ আগস্ট। চেলসি তাদের প্রিমিয়ার লিগ অভিযানে নামবে ২১ আগস্ট।
প্রিমিয়ার লিগের মতোই আরেক জনপ্রিয় প্রতিযোগিতা স্প্যানিশ লা লিগাও শুরু হবে ১৭ আগস্ট। ইতালীয় সিরি ‘আ’র পর্দা উঠবে ২৪ আগস্ট।