শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর
সেকেন্ডের হিসাবে ২৫৯২০০০, মিনিটের হিসাবে ৪৩২০০, ঘণ্টার হিসাবে ৭২০ আর সপ্তাহের হিসাবে ৪—অনেক দীর্ঘ মনে হচ্ছে? সহজ হিসাব করে ফেলুন না। মাত্র এক মাস! হ্যাঁ, বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাসই বাকি!৩০ দিন পর জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে এক মাসের স্নায়ুক্ষয়ী উত্তেজনা। এর আগে জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসান হবে চার বছরের অপেক্ষার। যে অপেক্ষার শুরুটা হয়েছিল জার্মানির ১১ জুলাইয়ের ফাইনালের পর পরই।এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে গতি আনতে ফিফা বাড়তি বাজেটের জোগান দিয়েছে আয়োজকদের। হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বকাপের টিকিট। গতকাল স্থানীয় আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান জানিয়েছেন, এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ৯০ শতাংশ টিকিট।আগামী কয়েক দিনের মধ্যে বাকি ১০ শতাংশ টিকিটও ফুরিয়ে যাবে, এই আশা নিয়ে বিশ্বকাপের ৩০ দিনের ক্ষণ গণনা শুরু করল ফিফা। ওদিকে কাল রাতের মধ্যেই ৩২টি দল তাদের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। গুরুতর কোনো চোট না পেলে এই প্রাথমিক দল থেকেই ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। চূড়ান্ত সেই তালিকা ফিফা প্রকাশ করবে ৪ জুন।আরও ৩০ দিন বাকি, তবে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর মন্তব্যটা বোধহয় সবচেয়ে জুতসই। তিনি জানিয়ে দিয়েছেন, দল ঘোষণার মধ্য দিয়ে তাঁর জন্য বিশ্বকাপ আসলে শুরু হয়ে গেছে গতকালই। আপনিই বা বসে আছেন কেন? শুরু করে দিন ক্ষণগণনা। বলুন, ত্রিশ...