শেষ হতে যাচ্ছে ‘ফার্গি টাইম’
ফুটবল বিশ্বকে চমক দিয়ে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই অভিনন্দন, শুভকামনা ও প্রশংসার জোয়ারে ভাসছেন অ্যালেক্স ফার্গুসন। এক সময়ের প্রবল প্রতিপক্ষ হোসে মরিনহোও ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে অভিনন্দন জানিয়েছেন। রিয়াল মাদ্রিদ কোচ ফার্গির প্রশংসা করলেন আরও একবার। তবে একটা হাহাকারও ঝরালেন কণ্ঠে, প্রতিপক্ষ হয়ে আবার যখন ওল্ড ট্রাফোর্ডে যাবেন, ডাগআউটে ফার্গিকে মিস করবেন খুব।আধুনিক ফুটবলের সর্বকালের সেরার তালিকা করলে এই দুই কোচই হয়তো তাতে থাকবেন। ফার্গুসন-মরিনহো আরও একটি বিষয়কে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। মনস্তাত্ত্বিক লড়াইটাকে কথার লড়াইয়ে রূপ দিতেন শিল্পীর দক্ষতায়। কিন্তু মরিনহোর কথামতো সেসব ছিল আসলে ফাঁকা বুলি। সত্যিকার অর্থে, একের প্রতি অন্যের অগাধ শ্রদ্ধা। দুজনের মধ্যে শ্রদ্ধাবোধটা তৈরি হয়েছিল সেই ২০০৪ সালে। ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ফার্গুসনের ইউনাইটেড মুখোমুখি হয় মরিনহোর এফসি পোর্তোর। নিজেদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জেতা পোর্তো ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগটা ১-১ গোলে ড্র করে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। পরাজয়ের দুঃখ চেপে ফার্গুসন ম্যাচ শেষে অভিনন্দন জানান পোর্তোর ড্রেসিং রুমে গিয়ে। ফার্গির এই সৌজন্যবোধ মরিনহোকে করেছিল বিস্মিত, ‘আমরা শেষ মিনিটে গোল করে পরের রাউন্ডে উঠে যাই। এটা আমার জন্য সাধারণ ঘটনা ছিল না, ইউরোপের যে সংস্কৃতির সঙ্গে আমি পরিচিত ছিলাম, তার সঙ্গে এটা বেমানান ছিল যে, হেরে যাওয়ার পরও প্রতিপক্ষের কোচ আমাদের ড্রেসিং রুমের দরজায় নক করতে পারে। খুবই হতাশা সত্ত্বেও তিনি আমাকে অভিনন্দন জানান এবং এক গ্লাস ওয়াইন খেতে আমন্ত্রণ জানান। এই ঘটনাই আমাদের মধ্যে সম্পর্কটা গড়ে দেয়। এরপর আমরা একে অন্যের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি এবং পরের বছরই আমি চেলসির হয়ে ইংল্যান্ডে চলে আসি। তবে ওই সম্পর্কটা ঠিক পথেই এগিয়েছে—কে জিতল, কে হারল এটা কোনো ব্যাপার নয়। শ্রদ্ধাবোধটা সব সময়ই আছে।’আগামীকাল ওয়েস্টব্রমের বিপক্ষে ইউনাইটেডের শেষ লিগ ম্যাচটা কোচ হিসেবে তাঁরও শেষ। ফার্গুসন নামটা এরপর শুধু শুধুই স্মৃতি হয়ে যাবে। মরিনহো বলছেন, ‘আমরা সবাই তাঁকে মিস করব। আমার জন্য ওল্ড ট্রাফোর্ডে যাওয়াটা হবে কঠিন, বিশেষ করে তাঁর মতো ব্যক্তিকে ছাড়া প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতে যাওয়াটা।’অনেক গুণের পাশাপাশি ফার্গুসনের বিরুদ্ধে একটা অভিযোগও আছে—তিনি রেফারিদের চাপে রেখে অন্যায় সুবিধা আদায় করে নিতেন। বিদায়বেলায় ফার্গুসন স্বীকারও করলেন ক্যারিয়ারজুড়ে রেফারিদের চাপে রাখার কথা। একটা জরিপে দেখা গেছে, ফার্গুসনের চাপের মুখে হারতে যাচ্ছে এমন ম্যাচে রেফারিরা নাকি গড়ে প্রতি ম্যাচে ইউনাইটেডকে ৭৯ সেকেন্ড করে সময় বেশি দিতেন! বিবিসির চোখে যেটি ‘ফার্গি টাইম’। অবশেষে ফার্গুসনও স্বীকার করলেন, ‘রোববার (গত) সোয়ানসির বিপক্ষে ম্যাচে চতুর্থ রেফারি আমাকে বোর্ড দেখিয়েছে, যাতে লেখা ৮ মিনিট—আমি বলেছি ‘আবার ভেবেন দেখুন।’ কিন্তু আগামীকালের পর থেকেই তো ইউনাইটেড আর এই অন্যায় সুবিধাটা পাবে না? ফার্গির রসিকতা, উত্তরসূরি ডেভিড ময়েসকে রেফারিদের চাপে রাখার কৌশলটা শিখিয়ে যাবেন! এদিকে আগামী মৌসুমে মরিনহো চেলসিতে ফিরে যাচ্ছেন বলেই জোর গুঞ্জন। মরিনহো অবশ্য এ নিয়ে টুঁ শব্দটি করছেন না। তবে চেলসিতে তাঁর সাবেক শিষ্য ফ্রাঙ্ক ল্যাম্পার্ড সাবেক গুরুকে নিয়ে মেতে উঠেছেন। দুই দিন আগেই ইউরোপা লিগ জিতেছে চেলসি। পরশু চেলসিতে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করে ল্যাম্পার্ড বললেন, মরিনহো ফিরে এলে চেলসি আগামীতে আরও অনেক শিরোপা জিতবে, ‘হোসে আমাদের ইতিহাসের সেরা কোচ। তিনি পুরো ক্লাবের বিশ্বাসটাই বদলে দিয়েছেন এবং আমাদের জয়ী ক্লাব হিসেবে গড়ে তুলেছেন।’ ওয়েবসাইট।