শেষ হয়ে গেছে বার্সা-যুগ?

২০০৮ থেকে ২০১২। পেপ গার্দিওলার ‘শাসনকালে’ কি একটা স্বর্ণযুগই না গেছে বার্সেলোনার। চার বছরে ১৪টি বড় শিরোপা! এর মধ্যে আছে তিনটি লিগ, দুটো চ্যাম্পিয়নস লিগও। ২০০৯ সালে তো এক বর্ষপঞ্জিতে ছয়টি প্রধান ক্লাব ট্রফির সব কটি জেতার একমাত্র রেকর্ডটাও গড়েছিল বার্সা। গত মৌসুমে আবার লিগ শিরোপা উদ্ধার করলেও বার্সার সেই সোনালি যুগ শেষ হয়ে গেছেই বলে মনে করেন অলিভার কান।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নের শ্রেষ্ঠত্ব মেনে নিতে হয়েছিল বার্সেলোনাকে। দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের হার নিয়ে শিরোপা জয়ের আশা শেষ হয়েছিল কাতালানদের। কানের মতে, এই পারফরম্যান্সই বলে দেয় যে বার্সা-যুগের বিদায়ঘণ্টা বেজে গেছে। কোচ গার্দিওলাও বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ায় হয়তো বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে জার্মানির সাবেক এই অধিনায়কের। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি মনে করি বার্সেলোনার সুবর্ণ সময়টা শেষ হয়ে গেছে।’
ন্যু ক্যাম্পে নেইমারের আগমন আর জেরার্ডো মার্টিনোর তত্ত্বাবধানে বার্সেলোনা আবার ঘুরে দাঁড়াতে পারবে, এমন আশা অনেকের থাকলেও তাঁদের সঙ্গে একমত নন কান। এই মুহূর্তে ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখের সামনে দাঁড়াতে পারে এমন কাউকে দেখছেন না জার্মানির সর্বকালের অন্যতম সেরা এই গোলরক্ষক, ‘ইউরোপে এমন কোনো প্রভাবশালী ক্লাব নেই যাদের বায়ার্নের ভয় পাওয়া উচিত। গত মৌসুমে তাদের সাফল্যটা একটা পরিবর্তন আর নতুন চিন্তাভাবনার ইঙ্গিত দিয়েছে। আমার মনে হয়, বুদ্ধিদীপ্ত সব খেলোয়াড়কে নিয়ে সেই কাজটা তারা ভালোভাবেই করতে পারবে।’