শেষ হলো পরাজয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিনিদাদ-বারবাডোজ-লন্ডন-দুবাই-কলম্বো। উড্ডয়ন ৯ সেপ্টেম্বর, অবতরণ ১২ সেপ্টেম্বর। দীর্ঘ বিমান ভ্রমণ এমনিতেই ক্লান্তিকর। ত্রিনিদাদ থেকে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ-যাত্রা তো আরও বেশি। টেস্ট খেলুড়ে দেশ হয়েও আফগানিস্তান, ত্রিনিদাদ আর বারবাডোজের সঙ্গে টুর্নামেন্ট খেলে হতে হলো রানার্সআপ। বিশ্বকাপ-যাত্রার বিমানভ্রমণে যে সঙ্গী হবে এই জ্বালাও!সফরের শুরুতে ভালো খেলে শেষে গুলিয়ে ফেলাটা ইদানীং যেন বাংলাদেশ দলের জন্য নিয়মে পরিণত। ইউরোপ সফরে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে হল্যান্ডে গিয়ে যেমন এলোমেলো হয়ে গিয়েছিল সবকিছু। বিসিবি একাদশ নামে ত্রিনিদাদ গিয়েও প্রথম দুই ম্যাচের দাপুটে জয়ের পর ‘আসল’ ম্যাচে হার! আর সেই সুযোগে চ্যাম্পিয়ন হয়ে গেল আফগানিস্তান। পরশু পোর্ট অব স্পেনে স্বাগতিক ত্রিনিদাদ ও টোবাগোর কাছে ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরে ৫০ হাজার ডলারের ‘অল স্পোর্টস প্রমোশন টি-টোয়েন্টি এক্সট্রাভাগাঞ্জা’ জেতা হলো না মুশফিকুর রহিমের দলের। টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ পুরো ২০ ওভারের ম্যাচ খেলেছে। প্রথমে ব্যাটিং করে তাতে ৯ উইকেটে ১২৪। ১২ রানে ত্রিনিদাদের ৫ উইকেট ফেলে দেওয়ার পর এটিকেই যথেষ্ট বলে মনে হচ্ছিল। অথচ শেষ পর্যন্ত কপালে জুটল অভাবনীয় পরাজয়।জিতলে তো বটেই, যদি হারটা হতো শেষ বলেও, তবুও নাকি চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ। ত্রিনিদাদ ছাড়ার আগে কাল টেলিফোনে এমনই বলেছেন দলের ম্যানেজার তানজীব আহসান, ‘বাংলাদেশ, ত্রিনিদাদ, আফগানিস্তান—তিন দলই দুটি করে ম্যাচ জিতেছে। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ওদের নেট রানরেট দশমিক ৪০ আর আমাদের দশমিক ৩৩। ম্যাচটা শেষ বল পর্যন্ত নিতে পারলেও আমরা চ্যাম্পিয়ন হতাম।’বল করার সময় পায়ে ব্যথা অনুভব করায় এই ম্যাচে বিশ্রামে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাঁ হাঁটুতে ব্যথা থাকায় খেলেননি তামিম ইকবালও। তাঁর জায়গায় আশরাফুলের সঙ্গে ইনিংস শুরু করতে নেমে ৫ রান করেই আউট জুনায়েদ সিদ্দিক। তবে আশরাফুল ধরে রেখেছেন ধারাবাহিকতা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও করেছেন সাবলীল ব্যাটিং। দলের ৪০ রানের সময় যখন আউট হয়েছেন, ২১ বলে আশরাফুলের একারই ৩০। চার বাউন্ডারির সঙ্গে ছক্কা একটি। তবে দলের ৩১ রানে জুনায়েদ ফিরে যাওয়ার পর আশরাফুল যেমন পারেননি উইকেট পতন ঠেকাতে, বিপর্যয়ে বাঁধ দিতে ব্যর্থ মুশফিক, সাকিব আর মাহমুদউল্লাহও। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বিসিবি একাদশকে টেনে তুলেছে ষষ্ঠ উইকেটে নাসির-জিয়ার ৩২ রানের জুটি। ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন নাসির। ১৬ বলে ১৩ রানের ইনিংসে জিয়ার ব্যাট থেকেই এসেছে দলের পক্ষে দ্বিতীয় ও শেষ ছক্কাটি। দ্বিতীয় ও শেষ বিপর্যয়টাও অবশ্য জিয়ার আউট দিয়েই শুরু। ২৩ রানে পড়েছে ৪ উইকেট। বোলিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। শফিউল-রাজ্জাকের পেস-স্পিনের যুগল আক্রমণে মাত্র ১২ রানে পড়ে যায় ত্রিনিদাদের ৫ উইকেট। শফিউলের ১২ রানে ২ উইকেট এই সময়েই। ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন রাজ্জাক। জেসন মোহাম্মদ ও শেরউইন গঙ্গার ৩৯ রানের ষষ্ঠ উইকেট জুটি কিছুটা প্রতিরোধ গড়ে এরপর। তখনো ম্যাচটা বাংলাদেশের হাতেই ছিল। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৭৮ রান তুলে সেটি ছিনিয়ে নেন শেরউইন গঙ্গা-ইয়ানিক ওটলি। ২৭ বলে অপরাজিত ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন ওটলি। বল হাতে অস্বাভাবিক বিবর্ণ সাকিবকে বিশাল এক ছক্কা মেরে শেষ করে দিয়েছেন ম্যাচ।সংক্ষিপ্ত স্কোরবিসিবি একাদশ: ২০ ওভারে ১২৪/৯ (আশরাফুল ৩০, জুনায়েদ ৫, সাকিব ১০, মুশফিক ৩, মাহমুদউল্লাহ ১২, নাসির ৩১*, জিয়া ১৩, আবুল হাসান ৬, রাজ্জাক ০, সানি ৩, শফিউল ০*; গ্যাব্রিয়েল ০/২১, ওটলি ২/১৭, স্টুয়ার্ট ০/২২, শেরউইন গঙ্গা ৩/২০, এমরিট ১/১৮, ডেভ মোহাম্মদ ৩/১৭)। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ১৯.৩ ওভারে ১২৯/৬ (বারাথ ৫, পারকিন্স ০, গুইলেন ০, স্টুয়ার্ট ২. ড্যারেন গঙ্গা ১, জেসন মোহাম্মদ ২৪, শেরউইন গঙ্গা ৪০*, ওটলি ৫২*; শফিউল ৪-০-১২-০, রাজ্জাক ৪-২-১৭-৩, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০, সাকিব ২.৩-০-২৯-০, আবুল হাসান ৩-০-২১-১, সানি ৩-০-২৪-০)। ফল: ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেরউইন গঙ্গা।