শেষ হলো পাঁচ দিনের ‘যন্ত্রণা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ-সেরার পুরস্কারটা উঠল কুমার সাঙ্গাকারার হাতে। নাম ঘোষণা করার আগে সম্ভাবনাময়দের যে দীর্ঘ তালিকা বললেন টনি গ্রেগ, তাতে ছিলেন টেন্ডুলকার-রায়না-জয়াবর্ধনেরাও। তবে পুরস্কৃত তো করা উচিত সেই দর্শকদের, যারা কাল মাঠে গিয়েছিল। যে টেস্টের প্রথম চার দিনেও দুই ইনিংস শেষ হয়নি, খুব বড় ক্রিকেটপ্রেমী না হলে তো সেই টেস্টের পঞ্চম দিনের খেলা দেখতে আসার কথা নয়।টেস্টের শেষ দিনের কত উত্তেজনা আর রোমাঞ্চের হাতছানি দিয়ে ডাকার কথা। তবে এই টেস্টের শেষ দিনে সেসবের সম্ভাবনা উড়ে গিয়েছিল অনেক আগেই। তবুও শেষ দিনের উইকেটে ব্যাট-বলের লড়াইটা দেখতে যারা গিয়েছিল, তারাও হতাশ হয়েছে চূড়ান্তভাবে। ম্যাচ অনুমিতভাবেই ড্র হয়েছে, প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকা শ্রীলঙ্কা নিশ্চিত করেছে সিরিজটা হারছে না তারা। কিন্তু ম্যাচের আনুষ্ঠানিক ইতি ঘোষণার আগে দর্শকেরা যা উপহার পেল, সেটির নাম ‘ক্রিকেট-যন্ত্রণা’। ভারতের শেষ উইকেট জুটি সকালে উইকেটে পড়ে রইল আঠার মতো। রানও হচ্ছে না, আবার শ্রীলঙ্কানরা তাঁদের আউটও করতে পারছে না। শেষ পর্যন্ত লাঞ্চের মিনিট পনেরো আগে ভারতের ইনিংসটা শেষ হয়েছে। কাল ২৭.২ ওভার খেলে প্রজ্ঞান ওঝা ও ইশান্ত শর্মার জুটি রান তুলেছে ৩৮!ম্যাচ শেষের আগে অবশ্য শেষ টেস্টের জন্য আত্মবিশ্বাসের কিছু রসদ জোগাড় করতে পেরেছে ভারত। আগের তিন ইনিংসে প্রায় ৭৫ ওভার বোলিং করে মাত্র একটি উইকেট পাওয়া হরভজন সিংকে মনে হলো কিছুটা হলেও ছন্দে ফিরছেন। দারুণ টার্ন পেলেন ওঝাও। সিরিজে এখন পর্যন্ত ভারতের সেরা স্পিনার বীরেন্দর শেবাগ পেলেন আরও একটি উইকেট। কিন্তু ৩ আগস্ট কলম্বোর পি সারা ওভালে শুরু তৃতীয় ও শেষ টেস্টের উইকেটও এমন থাকলে কি আর এই আত্মবিশ্বাস কোনো কাজে আসবে! সিরিজে পিছিয়ে থাকলেও একটা দিক থেকে অবশ্য শেষ টেস্টটা নিশ্চিন্ত হয়ে খেলতে পারবে ধোনির দল। আগে জানা গিয়েছিল ৩-০ তো বটেই, ২-০ তে হারলেও টেস্টে ১ নম্বর হাতছাড়া হবে তাদের। কাল জানা গেল, ২-০ তে হারলে সেটা আর হচ্ছে না। এসএসসি টেস্ট ড্র হওয়ায় তাই শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত হয়েছে ভারতের।এই টেস্টের পাঁচ দিনে উইকেট পড়েছে মাত্র ১৭টি, রান উঠেছে ১৫৭৮। উইকেট-প্রতি রান ৯২.৮২! রান দেওয়ার সেঞ্চুরি করেছেন আট বোলার। এমন উইকেট বানাতে থাকলে টেস্ট নিয়ে আগ্রহটা যাদের এখনো বেঁচে আছে, তারাও যে আর মাঠমুখো হবে না, এটা বোঝার জন্য অন্তর্যামী হতে হয় না। টেস্ট ক্রিকেট বাঁচাতে দিবারাত্রি খেলার প্রস্তাব করছেন অনেকে। কিন্তু এই টেস্ট আবারও বুঝিয়ে দিল আসল সমস্যাটা অন্য—বোলারদের বধ্যভূমি এমন উইকেট। বোলারদের প্রতি তাই সহানুভূতি ঝরল সাঙ্গাকারা-টেন্ডুলকারদের কণ্ঠে। কিন্তু যাঁরা শোনার, তাঁরা কি শুনছেন?