শেষ হলো স্কুল ফুটবলের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিয়মিত দর্শকেরা কাল ছিলেন না। গ্যালারি মাতিয়ে রাখল একগাদা খুদে দর্শক। সবাই ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী। তারা এসেছিল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল দেখতে।ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল চরবাড়িয়া সরকারি স্কুল। মেয়েদের বঙ্গমাতা গোল্ডকাপে সেরা চট্টগ্রামের রাঙামাটি মগাছড়ি সরকারি স্কুল। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রাঙামাটি সরকারি স্কুলকে ৩-২ গোলে হারিয়েছে বরিশাল চরবাড়িয়া স্কুল। ৪ ও ৬ মিনিটে পরপর দুই গোল করে বরিশালকে এগিয়ে নেয় শাহাদাত। ১০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় কায়সার। ৩৩ ও ৪৪ মিনিটে দুটি গোল শোধ করে গোমস্তাপুর রাঙামাটির আন্তন টুডু।বঙ্গমাতা ফুটবলে মগাছড়ি ২-০ গোলে হারিয়েছে রংপুরের পালিচড়া সরকারি স্কুলকে। ১২ মিনিটে প্রথম গোলটি করে আয়না চাকমা, ২১ মিনিটে জয় নিশ্চিত করে নদী চাকমা। বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা খেলোয়াড় হয়েছে গোমস্তাপুর রাঙামাটির আন্তন টুডু, সর্বোচ্চ গোলদাতা চরবাড়িয়ার নাদিম আহমেদ। বঙ্গমাতা ফুটবলের গোল্ডেন বুট ও টুর্নামেন্ট সেরা—দুটি পুরস্কারই পেয়েছে রংপুরের পালিচড়ার মেয়ে রোকসানা খাতুন।এই টুর্নামেন্টকে ঘিরে সারা দেশে একটা ফুটবল উৎসবই হয়ে গেল। গত বছর জুনে সারা দেশে শুরু হয়েছিল প্রাথমিক পর্যায়ের খেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয় ৫৯ হাজার ৭১০টি স্কুল ও বঙ্গমাতায় ৬০ হাজার ৭৭৬টি। সাতটি বিভাগীয় চ্যাম্পিয়ন নিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় শুরু হয় চূড়ান্ত পর্ব।কাল টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন প্রমুখ।