শেষ হাসি প্রাইম ব্যাংকের

ফাইনালে এসেই তাহলে বোঝা গেল আসল পার্থক্যটা!
লিগ পর্বে দুই দলই একটি করে ম্যাচ জিতলেও কাল ফাইনালটা জিতে নিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ট্রফি উঁচিয়ে ধরল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইউসিবি-বিসিবি একাদশের সঙ্গে তাদের শক্তির পার্থক্যটা স্পষ্ট হয়েছে এতে। ৬ উইকেটে ১৭৪ রান করে ৫৫ রানে ম্যাচ জিতল সাকিব আল হাসানের দল।
ইউসিবি-বিসিবি একাদশ অধিনায়ক তামিম ইকবালের অবশ্য বড় একটা অভিযোগ আছে। দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াস তিনি নিজেই। অথচ তাঁর আউটটাই নাকি হয়নি! ইনিংসের দ্বিতীয় ওভারেই নিজের বলে তামিমের বিতর্কিত ক্যাচ নিয়েছেন প্রাইম ব্যাংকের অফ স্পিনার সোহাগ গাজী। তামিমের দাবি বলটা প্যাডে লেগে উঠেছিল। কিন্তু আম্পায়ার যখন আউট বলেছেন, তখন তো আউটই। ইউসিবি-বিসিবি একাদশ সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। আরেক ওপেনার রনি তালুকদার (৩২) আর তিনে নামা ইমরুল কায়েসের (২৩) দ্বিতীয় উইকেটে গড়া ৩৪ রানের জুটিটাই দলের পক্ষে সর্বোচ্চ।
ইউসিবি-বিসিবি একাদশের ইনিংসের হাইলাইটসে থাকবে রুবেল হোসেনের নেওয়া দুর্দান্ত দুটি ক্যাচও। ইমরুল ও মুক্তারের অসাধারণ দুটি ক্যাচই রুবেল নিয়েছেন তাইজুলের বলে। সঙ্গে ১৯ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচও রুবেল।
প্রাইম ব্যাংক অধিনায়ক সাকিব আল হাসান আগেই বলেছিলেন, তাঁর দলের মূল শক্তি বোলিং বৈচিত্র্য। ইউসিবি-বিসিবি একাদশকে ১১৯ রানে আটকে রাখতে সেটি বড় ভূমিকাই রাখল। তাইজুলের ২ উইকেট তো আছেই, সাকিব নিজেসহ আরও যে পাঁচ বোলার ব্যবহার করেছেন, খালি হাতে ফেরেননি কেউই।
তবে মূল কৃতিত্বটা প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদেরই, নির্দিষ্ট করে বললে ওপেনার লিটন কুমার দাসের। এনামুল হকের (বিজয়) সঙ্গে ৫৯ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানের সঙ্গে গড়েছেন ৫৫ রানের আরেকটি জুটি। ৩৯ বলে ৬২ রানের ইনিংসে লিটনের চার ছয়টি, সঙ্গে আরাফাত সানি আর এনামুল জুনিয়রকে মারা দুটি ছক্কাও আছে। পুরো টুর্নামেন্টেই ভালো বল করা ইউসিবি-বিসিবির পেসার আল আমিন ফাইনালেও ছিলেন স্বরূপে। ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটও তাঁর। সাত ম্যাচে ২৯৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার—টুর্নামেন্ট-সেরার পুরস্কারটা উঠেছে প্রাইম ব্যাংকের এনামুল হকের হাতেই।
‘সরকারি-বেসরকারি’ অবরোধের মাঝের ফাঁকা দিনে কাল হাজার পাঁচেক দর্শক হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কারও কারও হাতে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্বাগত জানানো ব্যানার। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই, সামনে আছে শ্রীলঙ্কা সিরিজ আর এশিয়া কাপও। তার আগে এই অস্থির সময়েও এমন দর্শক উপস্থিতি আশাব্যঞ্জকই।

সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক সিসি: ২০ ওভারে ১৭৪/৬ (লিটন ৬২, এনামুল বিজয় ২৭, সাব্বির ২৫; আল আমিন ৩/৩১, মুক্তার ২/৩১, আরাফাত ১/৩৪)। ইউসিবি-বিসিবি একাদশ: ২০ ওভারে ১১৯/৮ (রনি ৩২, ইমরুল ২৩, মার্শাল ২১; তাইজুল ২/২১, সাব্বির ১/৩, শরীফ ১/১৮, রুবেল ১/১৯, সাকিব ১/২৭, সোহাগ ১/২৯)। ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রুবেল হোসেন।