শেষ হাসিটাও অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়া সিরিজ জয়ের হাসিটা হেসেছে আগেই। তবে শেষ হাসি থেকেও বঞ্চিত হয়নি স্বাগতিকেরা। পার্থে আজ অনুষ্ঠিত শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫৭ রানে হারের স্বাদ দেওয়ায় সাত ম্যাচের ওয়ানডে সিরিজ ৬-১ ব্যবধানে ইতি টানল অস্ট্রেলিয়া।সিরিজ নিয়ে ভয় নেই। অ্যাশেজ সিরিজের হতাশা কাটিয়ে ওয়ানডেতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। তার পরও হয়তো একটু ‘ভয় ভয়’ লাগছিল ক্যামেরুন হোয়াইটের। এটিই যে ছিল অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ওয়ানডে ম্যাচ!হোয়াইটের ওয়ানডে অধিনায়কত্বের দুর্দান্ত সূচনাটা এনে দিয়েছিলেন ডেভিড হাসি ও অ্যাডাম ভোগস। শেষটা আনেন বোলার শন টেইট ও মিচেল জনসন। হাসি-ভোগসের ব্যাটে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৭৯ রান। এরপর টেইট ও জনসনের তোপে পড়ে ছয় ওভার বাকি থাকতেই ২২২ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। চারটি উইকেটের পতন ঘটে দলীয় ১০৩ রানে। তবে হাসির ৬০ ও ভোগসের অপরাজিত ৮০ রানের সুবাদে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর দাঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার। লক্ষ্যটা কঠিন। তবে ইংল্যান্ডের এই অবস্থা কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে ইনিংসের শুরুতেই। দ্বিতীয় বলেই প্রথম উইকেটের পতন। দলীয় মাত্র ৬৪ রানে নেই পাঁচটি উইকেট! ইংল্যান্ডের যখন বড় হারের আশঙ্কা, তখন বাধা হয়ে দাঁড়ান ম্যাট প্রিয়র ও মাইকেল ইয়ার্ডি। প্রিয়র ৩৯ রান করেন। ইয়ার্ডি অপরাজিত থাকেন ব্যক্তিগত ৬০ রানে। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন টেইট ও জনসন। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ২৭৯/৭ (৫০ ওভার)ভোগস ৮০*, হাসি ৬০ইংল্যান্ড: ২২২/১০ (৪৪ ওভার)ইয়ার্ডি ৬০*, প্রিয়র ৩৯