শেষ হয়ে গেল নানির বিশ্বকাপ
বিশ্বকাপের আগে ইনজুরির মিছিল থামার কোনো লক্ষণই নেই। ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াদের তালিকায় সর্বশেষ সংযোজন পর্তুগিজ উইঙ্গার নানি। গত শুক্রবার ‘কলারবোনে’ চোট পাওয়া নানিকে কাল বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন।পর্তুগাল দল দক্ষিণ আফ্রিকায় রওনা দেওয়ার আগে লিসবনে দলের অনুশীলনে চোট পেয়েছিলেন নানি। তার পর থেকে ম্যানইউর এই উইঙ্গারকে নিয়ে অনিশ্চয়তা ছিল। ফেডারেশন এখন বিবৃতি দিয়ে বলছে, ‘এই কদিন তার (নানির) অবস্থা পর্যবেক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সে বিশ্বকাপে খেলার মতো ফিট নেই।’ বিশ্বকাপ বাছাইপর্বে ১১ ম্যাচে ৩ গোল করা নানির বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে বেনফিকার রুবেন আমোরিমকে।নানির দুঃসংবাদ শুনে মাঠে নেমেও কাল প্রস্তুতি ম্যাচে মোজাম্বিককে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। দুটি গোল করেছেন আলমেইডা, অন্যটি ড্যানি। এদিকে চোটের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষণ দেখতে পাচ্ছে হল্যান্ড ও আইভরিকোস্ট। ডান হাতে প্লাস্টার নিয়েই গত পরশু সুইস আলপসে অনুশীলনরত দলে যোগ দিয়েছেন দিদিয়ের দ্রগবা। মাঠে অবশ্য এখনই নামা হচ্ছে না তাঁর। বেঞ্চে বসেই সতীর্থদের প্রস্তুতি দেখেছেন আইভরিয়ান অধিনায়ক।একই দিন দেশে একাই অনুশীলন শুরু করেছেন ডাচ মিডফিল্ডার আরিয়েন রোবেন। একা অবশ্য তিনি খেলোয়াড় হিসেবে, কারণ দলের বাকি সবাই চলে গেছেন দক্ষিণ আফ্রিকায়। রোবেনের অনুশীলনের ছায়াসঙ্গী হয়ে আছেন ট্রেনার-ফিজিওরা।তবে ১৪ জুন ডেনমার্কের বিপক্ষে বিশ্বকাপে হল্যান্ডের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না রোবেনের। এএফপি।