শেষ হয়ে গেল পিটারসেনের বিশ্বকাপ
হার্নিয়ার সমস্যা যে এতটা প্রকট আকার ধারণ করবে, তা কল্পনাও করতে পারেননি কেভিন পিটারসেন। সমস্যা কিছুটা ছিল, কিন্তু সেটা গুরুতর তেমন কিছু নয় বলেই মনে করেছিলেন তিনি। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং, বোলিং করার পরপরই বুঝতে পারলেন—সমস্যা সত্যিই জটিল আকার ধারণ করেছেন, এখনই অপারেশন না করালে, অবস্থার অবনতি ঘটতে পারে। এ অতর্কিত দুঃসংবাদে শেষই হয়ে গেছে কেভিন পিটারসেনের বিশ্বকাপ।ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, হার্নিয়ার সমস্যার কারণে পিটারসেন ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত যাবেন। তাঁরা ইতিমধ্যেই পিটারসেনের জায়গায় এউইন মরগানকে দলভুক্ত করার জন্য আইসিসি বরাবর আবেদনও করে দিয়েছে। মরগান আঙুলের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন।গত অস্ট্রেলিয়া সফরের সময়ই পিটারসেনের হার্নিয়ার সমস্যা ধরা পড়েছিল। তবে অপারেশন করার কথা ছিল বিশ্বকাপের পরপর। তবে গতকালের পর, অপারেশনটি হয়ে পড়েছে খুবই জরুরি।এ হঠাত্ অসুস্থতা পিটারসেনের বিশ্বকাপ তো শেষ করে দিলই, সেই সঙ্গে শেষ করে দিয়েছে তাঁর বিপুল অর্থের আইপিএল স্বপ্নও। আগামী মে মাস থেকে শুরু হওয়া আইপিএলে খেলার জন্য প্রায় ছয় লাখ ৫০ হাজার ডলার দিয়ে পিটারসেনকে দলভুক্ত করেছিল ডেকান চার্জার্স। এ মুহূর্তে পিটারসেনের অপারেশন হলেও তাঁর সুস্থ হতে ২৬ মে পর্যন্ত সময় লেগে যাবে। এরপরই তাঁকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। ওয়েবসাইট।