শেষ হয়েও শেষ নয় রডিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটাই আমার শেষ টুর্নামেন্ট। এর পরই র‌্যাকেটটা তুলে রাখব’—বিদায়ের ঘোষণাটা দিলেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর আগে। ফলে এবারের ইউএস ওপেনে যেখানে থামবেন অ্যান্ডি রডিক, সেখানেই থেমে যাবে তাঁর ক্যারিয়ার। পরশু যেমন রডিক কোর্টে নামেন ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ ধরে। কিন্তু সম্ভাব্য শেষটাকে দীর্ঘায়িত করে এগিয়ে গেছেন রডিক। অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিচকে ৬-৩, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে বিশ্বের সাবেক ১ নম্বর তারকা পা রেখেছেন তৃতীয় রাউন্ডে।প্রতিপক্ষের পাশাপাশি কোর্টে রডিককে লড়তে হয়েছে আবেগের সঙ্গেও। ম্যাচটা ঢেকে যায় বিদায়ী আবহে। ২০০৩ সালে ২১ বছর বয়সে এই ইউএস ওপেনের শিরোপা জিতেই আলোচনায় আসেন রডিক। যেটা হয়ে আছে পুরুষ এককে কোনো মার্কিন খেলোয়াড়ের জেতা শেষ গ্র্যান্ড স্লাম। ওই বছরই নভেম্বরে পা রাখেন র‌্যাঙ্কিংয়ের চূড়ায়। প্রতিভাবান খেলোয়াড়ের খেতাবও পেয়ে যান দ্রুত। কিন্তু সেই প্রতিভা আর সাফল্য হয়ে ঝরেনি। আর কোনো গ্র্যান্ড স্লামই ওঠেনি তাঁর হাতে।তবু দেশবাসীর প্রত্যাশার প্রতীক হয়ে ছিলেন। কিন্তু বয়স ৩০ হয়ে গেছে। আর কত। রডিক তাই থামছেন। তার আগে জাপটে ধরেছে আবেগ, ‘সত্যি বলতে, আমার কোনো ধারণাই ছিল না কী ঘটতে যাচ্ছে, এমনকি ম্যাচের আগেও। ক্যারিয়ারজুড়ে আমি প্রচুর ম্যাচ খেলেছি। কিন্তু আগের ম্যাচগুলোর চেয়ে যে স্নায়ুর চাপটা ভিন্ন, যা আমার কাছেও বিস্ময়ের। ম্যাচের আগে অনুভূতিটা ছিল অদ্ভুত।’শেষ হয়েও শেষ নয় রডিকের যাত্রা। ওদিকে শেষ না হয়েও শেষ লি নার! পরশু লি না হেরে গেছেন লরা রবসনের কাছে। হারের পরই চীনা তারকা ঘোষণা দিলেন সাময়িক অবসরে যাওয়ার। জীবনের জন্যই বিশ্রামটা তাঁর দরকার! এভাবে টানা খেলতে থাকলে নাকি বাঁচবেন না, ‘আমি ফিরে গিয়ে সরাসরি অনুশীলন কোর্টে নামছি না। কিছুদিন বিশ্রাম নেব। নয়তো এটা আমাকে মেরে ফেলবে।’ এএফপি ও রয়টার্স।ইংলিশ অষ্টাদশী রবসন আছেন স্বপ্নের মধ্যে। আগের রাউন্ডেই যতি টেনে দিয়েছেন কিম ক্লাইস্টার্সের ক্যারিয়ারের। পরশু লি নাকে ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-২ গেমে হারিয়ে ১৯৯১ সালের পর প্রথম ব্রিটিশ নারী উঠলেন ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে। রবসনকে শেষ ষোলোতেই আবার মুখোমুখি হতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরের। পরশু রডিকের সঙ্গে তৃতীয় রাউন্ডের যাত্রী হয়েছেন জোকোভিচ, ফেরার, হিউইট, ইসনার, ডেল পোত্রোও। রবসনের সঙ্গে মেয়েদের বিভাগে চতুর্থ রাউন্ডে পা দিয়েছেন শারাপোভা, বারতোলি, কেভিতোভা, পেত্রোভা, আজারেঙ্কারা।