শেষজনেরও বিদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষজনেরও বিদায়!
শেষজনেরও বিদায়!

এক ইনিংসে সর্বোচ্চ ৩৭ মিনিট। সব মিলিয়ে সাড়ে ১১ শ মিনিট। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকল্যে এই সময়টুকুই ব্যাট হাতে কাটিয়েছেন। তবে একটা জায়গায় প্রায় ১৩ বছর ধরে ব্যাট করে যাচ্ছিলেন বিলুপ্তপ্রায় এক প্রজাতির হয়ে। অবশেষে ক্ষান্তি দিলেন ক্রিস মার্টিন।

ক্রাইস্টচার্চে মার্টিনের বিদায়ের খবর সুদূর কিংস্টনে বড় এক দুঃসংবাদ হয়ে এসেছে কোর্টনি ওয়ালশের কাছে। তাঁর শূন্যের রেকর্ড ভাঙার বাস্তব সম্ভাবনা একরকম হারিয়েই গেল! ক্রিকেট রোমান্টিকদের জন্য খবরটি হাহাকারের মতো, এমন একজনের দেখা কী আর মিলবে আদৌ! মার্টিনের নিজেরও উপলব্ধি, ‘আমিই সম্ভবত সেই প্রজাতির শেষ জন, যারা ব্যাটই ধরতে জানে না!’

আধুনিক ক্রিকেটে রাগবি ঢুকে গেছে। কোনো কিছুতেই কিছুই না পারলে চলে না, সবাইকেই সবকিছু পারতে হয় কিছু না কিছু। ‘টিপিক্যাল’ বা ‘জেনুইন’ নম্বর ইলেভেন একসময় ক্রিকেটের পরিভাষায় ছিল বহুল প্রচলিত। এখন শুনতেই পাওয়া যায় না। টি-টোয়েন্টির এই যুগে ব্যাটিং অর্ডারের শেষজনকেও ব্যাটিং জানতে হয়। পেশাদারির আবরণ, হাজারো নিয়মের হাতকড়া, ম্যাচ রেফারির খড়্গ আর সংবাদমাধ্যমের কড়া নজরদারিতে খেলার বিনোদনের ব্যাপারটি এমনিতেই হারিয়ে যাওয়ার জোগাড়। মার্টিনের বিদায়ে শেষ হয়ে গেল নির্মল বিনোদনের বড় এক উৎসও।

টিপিক্যাল টেলএন্ডারের ব্যাটিং-বিনোদনের বড় বিজ্ঞাপন ছিলেন মার্টিন। নিউজিল্যান্ড তো বটেই ক্রিকেটবিশ্বের যেকোনো প্রান্তে মার্টিন ব্যাটিংয়ে নামলেই গ্যালারিতে হুল্লোড় উঠত, টিভি পর্দার সামনে নড়েচড়ে বসতেন সবাই। তাঁর ব্যাটিং হাসি ফোটাত ভীষণ গোমড়া মানুষটির মুখেও। কালে-ভদ্রে এক রান করলেই দর্শকের এমন অভিবাদন পেতেন, অনেকে যা সেঞ্চুরি করেও পায় না! নিজেও উপভোগ করতেন নিজের এই ব্যর্থতা। ক্যারিয়ারে একবারই দুই অঙ্ক ছুঁয়েছেন, সেদিন ১০ রান করার পর উঁচিয়ে ধরেছিলেন ব্যাট, যেন মাত্রই করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি! বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১২ রানের সেই ইনিংসটির একটি ছবি বড় করে বাঁধিয়ে রেখেছেন বাড়ির ড্রয়িংরুমে! তাঁর একসময়কার নতুন বলের জুটি ইয়ান ও’ব্রায়েন জানাচ্ছেন, ‘মার্টিনের এক জোড়াই ব্যাটিং কেডস। সেগুলো এত নতুনের মতো আছে যে আরেক জোড়া লাগেইনি!’

 ওয়ালশ-মার্টিনদের ব্যাটিংয়ের মজাটা ব্যাটিংয়ের ধরনে। ব্যাটসম্যানদের দুর্বলতা খুঁজে বের করতে জুড়ি নেই তাঁদের, অথচ নিজেরা ব্যাটিংকে বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর কঠিনতম কাজে! ক্রিকেটের চিরন্তন রহস্য এটি। মজাটাও এখানে। ক্রিকেট সবাইকে অনাবৃত করে দেয়। ফুটবলে রামোস-পিকেদের কখনো ফরোয়ার্ড হিসেবে খেলতে হয় না বা মেসি-রোনালদোদের ডিফেন্ডার হিসেবে। কিন্তু ক্রিকেটে দলের সেরা বোলারকেও ব্যাটিং করতে হয়।

দুই-একজন মার্টিন-ওয়ালশদের দেখাও তাই একসময় প্রতিটি দলেই মিলত। ব্যাটিংয়ের ‘অ আ ক খ’ না জেনেও যাঁরা দীর্ঘদিন খেলে গেছেন ক্রিকেটের শীর্ষ পর্যায়ে। নিউজিল্যান্ডের স্ট্রাইক বোলারের ব্যাটন যাঁর হাত থেকে নিয়েছিলেন মার্টিন, সেই ড্যানি মরিসন ব্যাটিংয়েও সত্যিকারের পূর্বসূরি। ওয়ালশের শূন্যের রেকর্ডকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মরিসনও! ভগবৎ চন্দ্রশেখরের সৌজন্যে যেমন ক্রিকেট কুইজের প্রিয় প্রশ্ন ছিল, ‘২০০ উইকেট পাওয়া কোন বোলারের উইকেটসংখ্যা রানের চেয়ে বেশি?’  ৫৮ টেস্টে ২৪২ উইকেট পাওয়া চন্দ্রশেখরের টেস্ট রান ১৬৭, ব্যাটিং গড় ৪.০৭। এই লেগস্পিনার ব্যাট হাতে নামার সময়ই সে সময়ের হিন্দি ধারাভাষ্যকাররা বলতেন, ‘ইন্ডিয়া কা পারি খতম হো গয়া!’ বাংলাদেশ দলেও ছিলেন এমন একজন। বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম ব্যাট হাতে নামতেই সতীর্থরা পোশাক পাল্টে মাঠে নামার জন্য তৈরি হয়ে যেতেন। পরে অবশ্য খানিকটা ব্যাটিং শিখে নেন মঞ্জুরুল, বুকে-পিঠে আঘাত সয়ে একটা পাশ অক্ষত রেখেছেন অনেকবারই।

গ্লেন ম্যাকগ্রার টেস্ট রান ও উইকেটের জোর লড়াই চলছিল একসময়। ২০০৪ সালে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি এগিয়ে দেয় রানকে। ‘পিজিওন’ ক্যারিয়ার শেষ করেছেন ৬৪১ রান ও ৫৬৩ উইকেটে। নব্বইয়ের দশকে ইংল্যান্ড পেয়েছে ফিল টাফনেল, ডেভন ম্যালকম, পিটার সাচ, অ্যালান মুলালিদের...।

খুব বেশি দিন হয়নি, টেলএন্ডারদের কাছে দল কিছু প্রত্যাশাও করত না। এখন সেটা ভাবাও ‘পাপ’। মার্টিনের উত্তরসূরি হতে পারতেন মন্টি পানেসার। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনার কেতাদুরস্ত ব্যাটিং শিখে গেছেন। মার্টিনের বিদায়ের পর ‘টিপিক্যাল নম্বর ইলেভেন’ হয়তো থাকবে শুধু ক্রিকেটীয় লোকগাথায়। ৩৯ ছুঁই ছুঁই বয়স একজন ফাস্ট বোলারের জন্য যথেষ্টই বেশি। তবু অনেকেই হয়তো বলতে পারেন, মার্টিনের ক্যারিয়ার আরেকটু লম্বা হলে ক্ষতি কী হতো! তাঁর শেষ ইনিংসটা হয়ে থাকল যেন এই প্রজাতির শেষেরই প্রতীকী—কোনো বল না খেলেই রানআউট!

সময়ের থাবা হয়তো আসতে দেবে না আর কোনো মার্টিনকে। আর উপভোগ করা হবে না ব্যাটিং না-জানাদের ব্যাটিংয়ের স্বাদ!