শেষটা ভালো চায় বাংলাদেশ
‘শেষ ভালো যার, সব ভালো তার’—গ্লাভস জোড়া হাতে ঢোকাতে ঢোকাতে গোলরক্ষক সাবিনা আক্তার এই একটা কথাই বললেন। বাংলাদেশ দলের মনের কথাটাই কী বলে দিলেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক!
মহিলা এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন। শক্তির বিচারে, র্যাঙ্কিংয়ে—সব দিক দিয়েই পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। র্যাঙ্কিংয়ে ৮৩তম ফিলিপাইন, বাংলাদেশ ১০৮তম। তবে ইরানের সঙ্গে গত ম্যাচের লড়াকু পারফরম্যান্স বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। যে আত্মবিশ্বাস প্রথম ম্যাচে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল থাইল্যান্ডের কাছে ৯ গোল খেয়ে। তাই গ্রুপে দ্বিতীয় শক্তিশালী দল ফিলিপাইনের মুখোমুখি হওয়ার আগে সাবিনারা লড়াই করার কথা বলতে পারছেন। অধিনায়ক সুইনু প্রু মারমাকে পাওয়া গেল বেশ ফুরফুরে মেজাজে, বললেন, ‘ফিলিপাইনের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাই খেলব কাল। প্রথম ম্যাচে আমরা একটু চাপ নিয়ে ফেলেছিলাম, ছয়টার বেশি গোল হজম করব, সেটা ভাবিনি। তবে ইরানের বিপক্ষে যেভাবে খেলেছি কালও (আজ) সেভাবেই খেলব। আমাদের মেয়েদের সাহস আগের চেয়ে অনেক বেড়েছে।’
প্রতি দলের দুটি করে ম্যাচ শেষে প্রতিযোগিতাটি দেখিয়েছে, এতে বাংলাদেশই দুর্বলতম দল। থাইল্যান্ড ও ইরানের কাছে হারের পর ফিলিপাইনের বিপক্ষেও জয়ের ভাবনাটা আসলে উচ্চাভিলাষ। এখন বাস্তবতা মানছেন কোচ গোলাম জিলানী, ‘আমাদের লক্ষ্যই থাকবে কম গোল খাওয়া।’
আজকের ম্যাচটা ফিলিপাইনের কাছেই বেশি গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ জিতে থাইল্যান্ড এক পা দিয়ে রেখেছে চূড়ান্ত পর্বে। আজ প্রথম ম্যাচে ইরানের বিপক্ষেও সহজ জয়ই প্রত্যাশা থাই কোচ পিয়াকুল কেওনামকাংয়ের। অবশ্য ড্র করলেও চলবে তাদের। তবে থাইল্যান্ড হারলে ফিলিপাইনের সামনেও চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ থাকবে। সেই সুযোগ আসবে ইরানের কাছে থাইল্যান্ড হারলে, আর হারটাও হতে হবে ১১ গোলের ব্যবধানে।