শেষটা ভালো চায় শ্রীলঙ্কা
আজকের ম্যাচ থেকে কিছু পাওয়ার নেই শ্রীলঙ্কার। জিতলেও যা, হারলেও তা। ফাইনাল না খেলেই ছাড়তে হবে ঢাকা। তার পরও এই ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখছেন মাহেলা জয়াবর্ধনে।হ্যাঁ, মাহেলা জয়াবর্ধনে। এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের ‘নিয়ম’ মেনে কালও সংবাদ সম্মেলনে এসেছেন অধিনায়ক। এসে বললেন, ‘এটা আমাদের কাছে আর একটা আন্তর্জাতিক ম্যাচই। টুর্নামেন্টটা আমাদের জন্য খুব হতাশার কাটল। আশা করি, শেষটা ভালো হবে।’ চাওয়া-পাওয়ার কিছু নেই বলে যে আজ শ্রীলঙ্কা যেমন ইচ্ছা একটা দল নামিয়ে দেবে, মোটেই তা নয়। জয়াবর্ধনে উল্টো বললেন, ‘প্রতিপক্ষ আর কন্ডিশনের কথা মাথায় রেখে আমরা সম্ভাব্য সেরা দলই খেলাতে চেষ্টা করব।’শেষটা ভালো করে বাংলাদেশ থেকে অন্তত নিজেদের ফিরে পাওয়ার স্বস্তি নিয়ে দেশে ফিরতে চায় শ্রীলঙ্কা। তবে এ ম্যাচের আগে প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে সমীহই প্রকাশ করলেন জয়াবর্ধনে। কারণটা এশিয়া কাপে মুশফিকুর রহিমের দলের পারফরম্যান্স, ‘গত দুই ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছে ওরা। আমরাও জানি, দলটা খুব ভালো। তারা জানে তাদের কী করতে হবে। বাংলাদেশকে কখনোই আমরা হালকাভাবে নেই না। এবারও ব্যতিক্রম হওয়ার কারণ নেই।’টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে দলের মানসিক অবস্থা যা-ই থাকুক, টানা খেলার মধ্যে থেকেও দলের সবাই ফিট বলে জানালেন জয়াবর্ধনে। টুকটাক সমস্যা যা ছিল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর কয়েক দিন বিরতি পাওয়ায় সেসব আর নেই। ‘দলের ১৪ জনই ফিট আছে। এখন শুধু কালকের (আজ) ম্যাচের জন্য একটা সেরা দল বেছে নেওয়াই বাকি’—বলেছেন জয়াবর্ধনে।বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত দুটি ওয়ানডে হেরেছে শ্রীলঙ্কা এবং দুটিই বাংলাদেশে এসে। ২০০৬ সালে বগুড়ায় প্রথম পরাজয়, ২০০৯ সালে মিরপুরে। আরেকটি ম্যাচের আগে এই অভিজ্ঞতা সতর্ক করছে লঙ্কান অধিনায়ককে, ‘আমাদের বিপক্ষে বেশ কয়েকবারই ওরা ভালো খেলেছে। মনে আছে, এর আগেও ওরা আমাদের হারানোর পর কেউ একজন জানতে চেয়েছিল, এই বাংলাদেশের বিপক্ষে জেতা কঠিন কি না। চার-পাঁচ বছর আগে খেলা শুরু করা দলের অনেক তরুণ ক্রিকেটারই এখন পরিণত। অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তারা, নতুন অনেকেও এসেছে দলে। দলটা এখন অনেক ভালো। বেশ কয়েকজন ম্যাচ উইনারও আছে।’