শেষটা ভালো হয়নি আফগানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংস শেষ হওয়ার কথা বিকেল সাড়ে ৫টায়। কিন্তু ইনিংস বিরতিতে দেখা গেল ভারতের রান বিনা উইকেটে ৩৪। আফগানিস্তানের ইনিংস যে শেষ আরও মিনিট পঞ্চাশেক আগেই! ভারতের না হয় দেশে ফেরার তাড়া থাকতে পারে, তাই বলে আফগানদেরও!
এই ম্যাচ থেকে ভারতের পাওয়ার ছিল না কিছুই, হারানোর ছিল অনেক কিছু। কিন্তু আফগানিস্তানের পাওয়ার ছিল অনেক কিছুই। হারানোর আশা হয়তো বাড়াবাড়ি, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের ভড়কে দিতে পারলেও আফগান ক্রিকেট নিয়ে সমীহের পাল্লাটা ভারী হতো আরও। উল্টো কালই হলো টুর্নামেন্টের সবচেয়ে একপেশে আর ম্যাড়মেড়ে ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত শেষ করল ৮ উইকেটের জয়ে। যদিও টুর্নামেন্টের সফলতম দল হয়ে টানা দুই আসরে প্রাথমিক পর্ব থেকে বিদায়ের জ্বালা জুড়ানোর কোনো কারণ তাতে নেই।
দুর্দান্ত বোলিং আক্রমণ দিয়ে নজর কাড়লেও আফগানিস্তানের ব্যাটিং ঠিক উল্টো। টেকনিক টেম্পারামেন্টের ঘাটতি তো আছেই, নেই বোলারদের মতো শৃঙ্খলাও। বাংলাদেশের বিপক্ষে স্টানিকজাই ও শেনোয়ারির সেই অসাধারণ জুটিটি বাদ দিলে পুরো টুর্নামেন্টে আফগানিস্তানের ব্যাটিং ছিল নিতান্তই সাধারণ। বিশেষ করে ভালো মানের স্পিনে একেবারেই দিশেহারা মনে হয় আফগান ব্যাটসম্যানদের। যেমন মনে হলো কাল। সামি-ভুবনেশ্বরদের ভালোই সামলে ১১ ওভারে ১ উইকেটে রান তুলেছিল ৫২। স্পিন আসতেই গড়বড়। রবীন্দ্র জাদেজার প্রথম ওভারেই ২ উইকেট, বাকিটা শুধুই ধুঁকতে থাকা। ১২ থেকে ৩৬ ওভার পর্যন্ত টানা বোলিং করে গেছেন তিন স্পিনার জাদেজা-মিশ্র-অশ্বিন। তাতেই ধ্বংসস্তূপ আফগান ইনিংস। এই সময়ে তিন স্পিনার মিলে বোলিং বিশ্লেষণ ২৫-৩-৭৩-৭!
আফগান ইনিংসটা ভদ্রস্থ পর্যায়ে গেছে সামিউল্লাহ শেনোয়ারির আরেকটি বীরত্বপূর্ণ ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক কাল করেছেন টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটি। শেষ ৩ ব্যাটসম্যানকে নিয়ে যোগ করেছেন ৬৪। আফগানিস্তান পেরিয়েছে দেড় শ রান।
আফগান বোলাররা সাধ্যমতো লড়েছেন কালও। তবে এই ছোট্ট পুঁজিতে সেটা কি আর যথেষ্ট হয়? শিখর ধাওয়ান আর অজিঙ্কা রাহানের নতুন উদ্বোধনী জুটি যখন ভাঙল, জয় তখন মাত্র ৩৯ রান দূরে। রাহানেকে ওপেন করানোর ফাটকা কাজে লেগে গেলেও কালকের ভারত প্রশ্নবিদ্ধ পরীক্ষা-নিরীক্ষা না করার জন্যই। এমন ম্যাচেও কেন ডাগ-আউট গরম করেও থাকতে হলো চেতেশ্বর পূজারাকে? কেন আরেকটি সুযোগ পেলেন না স্টুয়ার্ট বিনি বা বরুণ অ্যারন!
শেষ হলো আফগানিস্তানের রোমাঞ্চকর অভিযানও। কথায় বলে শেষ ভালো যার, সব ভালো তার। তবে শেষটা ভালো না হলেও কিন্তু আফগানিস্তান ঠিকই ছিল টুর্নামেন্টের আলো!

স্কোরকার্ড
টস: ভারত
আফগানিস্তান
রান বল ৪ ৬
নূর আলী ক কোহলি ব জাদেজা ৩১ ৩৫ ৬ ০
মঙ্গল ব সামি ৫ ১৬ ১ ০
রহমত এলবিডব্লু ব জাদেজা ৯ ২৩ ১ ০
স্টানিকজাই ক মিশ্র ব জাদেজা ৫ ৭ ০ ০
নজিবুল্লাহ ক অতি. ব অশ্বিন ৫ ১৪ ০ ০
নবী ক কার্তিক ব জাদেজা ৬ ২০ ০ ০
শাহজাদ এলবিডব্লু ব অশ্বিন ২২ ২৮ ২ ১
শেনোয়ারি এলবিডব্লু ব সামি ৫০ ৭৩ ৬ ১
আশরাফ ক কোহলি ব মিশ্র ৯ ২৬ ০ ০
শাপুর এলবিডব্লু ব অশ্বিন ১ ১৩ ০ ০
দওলত অপরাজিত ২ ১৭ ০ ০
অতিরিক্ত (লেবা ২, ও ১২) ১৪
মোট (৪৫.২ ওভারে অলআউট) ১৫৯
উইকেট পতন: ১-৩০, ২-৫৪, ৩-৫৫, ৪-৬০, ৫-৬৪, ৬-৮৩, ৭-৯৫, ৮-১১১, ৯-১৩৭।
বোলিং: ভুবনেশ্বর ৮-১-২৫-০ (ও ১), সামি ৭.২-০-৫০-২ (ও ৪), মিশ্র ১০-১-২১-১ (ও ১), জাদেজা ১০-১-৩০-৪, অশ্বিন ১০-৩-৩১-৩ (ও ২)।
ভারত
রাহানে এলবিডব্লু ব আশরাফ ৫৬ ৬৬ ৫ ০
ধাওয়ান ব নবী ৬০ ৭৮ ৪ ১
রোহিত অপরাজিত ১৮ ২৪ ১ ০
কার্তিক অপরাজিত ২১ ২৭ ৩ ০
অতিরিক্ত (লেবা ১, ও ৩, নো ১) ৫
মোট (৩২.২ ওভারে, ২ উইকেটে) ১৬০
উইকেট পতন: ১-১২১, ২-১২৩।
বোলিং: নবী ১০-০-৩০-১, শাপুর ৬-০-২৫-০, দওলত ৫-০-২৫-০ (নো ১, ও ২), শেনোয়ারি ৪.২-০-৩২-০ (ও ১), আশরাফ ৫-০-২৬-১, রহমত ২-০-২১-০।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা।