শেষটা রঙিন হবে মেয়েদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছেলেদের মতো বাংলাদেশের মেয়েদের গ্রুপও কঠিন। কতটা কঠিন এ কদিনে ভালোভাবেই বুঝতে পেরেছে জাহানারা আলমের দল। জয় দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছেন না মেয়েরা। ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর বিশ্বকাপে আজ তাঁদের শেষ প্রতিপক্ষ পাকিস্তান।
বিশ্বকাপের আগে জাহানারা আলম বলেছিলেন, তাঁদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাকি এই পাকিস্তানই। দিল্লিতে সেই কঠিন দলের বিপক্ষে খেলতে আজ মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা। ভারতীয় মেয়েদের বিপক্ষে ৭২, ইংলিশদের সঙ্গে ৩৬ ও ক্যারিবীয়দের বিপক্ষে ৪৯ রানে হারের পর পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাটা বাড়াবাড়িই।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও হতাশ করার মতোই। পাকিস্তানের বিপক্ষে ৬টি টি-টোয়েন্টির একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। ২০১৪ সালের মার্চে ঘরের মাঠে সানা মিরদের বিপক্ষে ধবলধোলাই হওয়ার অভিজ্ঞতাও আছে। গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে করাচি থেকেও দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়ে এসেছিলেন সালমারা।
ঘরের মাঠের গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের প্রাপ্তি ছিল দুটি জয়। কিন্তু এবার যে ভারত থেকে শূন্য হাতে ফেরার শঙ্কা! অবশ্য সেমিফাইনালে যাওয়ার হিসাব-নিকাশ নিয়ে ভাবতে হচ্ছে না বলে জাহানারা-সালমারা এই ম্যাচে নামতে পারেন নির্ভার চিত্তে। তাতে শেষটা হতে পারে রঙিন, মিলতে পারে হতাশার চোরাবালি থেকে বেরিয়ে আসার একটা সুযোগও।